দুর্গাপুজোর সময় বইয়ের স্টল ভাঙচুরের ঘটনা ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে। সেই আবহেই এবার বই হাতে পথে নামল সিপিএম। রাজ্যজুড়ে শুরু হলো ‘ঘরে ঘরে বুক স্টল’ কর্মসূচি। পাড়ায় পাড়ায়, দোকানে দোকানে ঘুরে সাধারণ মানুষের হাতে বই তুলে দিচ্ছেন বাম নেতা-কর্মীরা। বই পড়ার অভ্যাস বাড়ানো এবং মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানিয়েছে দল। রবিবার দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি বাজারে এই কর্মসূচিতে অংশ নেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এ দিন তিনি নিজেই বই হাতে বাজারের বিভিন্ন দোকানে যান। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাঁদের হাতে বই তুলে দেন। বই পড়ার গুরুত্বও বোঝান। (CPM Book Stall Campaign)
এক সপ্তাহ ধরে চলবে কর্মসূচি
সুজন চক্রবর্তী জানান, শুধু চম্পাহাটি নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি শুরু হয়েছে। আগামী এক সপ্তাহ ধরে রাজ্যজুড়ে চলবে এই উদ্যোগ। নভেম্বর মাসের মধ্যেই কর্মসূচি শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। তাঁর দাবি, সাধারণ মানুষের কাছ থেকে ভালো সাড়া মিলছে। মানুষ এই উদ্যোগে আগ্রহ দেখাচ্ছেন। (CPM Book Stall Campaign)
বইকেই মানুষের চেতনার হাতিয়ার করার বার্তা
কর্মসূচিতে অংশ নিয়ে সুজন চক্রবর্তী বলেন, বই মানুষের বন্ধু। বইয়ের মধ্যেই রয়েছে জ্ঞান ও চেতনার বিকাশের সুযোগ। তাই বই পড়া, অন্যকে বই পড়তে উৎসাহ দেওয়া এবং বই উপহার দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এর মাধ্যমেই সমাজে সচেতনতা বাড়ানো সম্ভব।
পাশাপাশি রাজনৈতিক বার্তাও দেন এই বাম নেতা। তাঁর বক্তব্য, লাঠি বা অস্ত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী বই এবং মানুষের চেতনা। মানুষকে সংগঠিত করতে বইয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, দুর্গাপুজোর সময় বইয়ের স্টল ভাঙচুরের ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছিল। সেই ঘটনার পর বইকে সামনে রেখেই জনসংযোগে নামল সিপিএম। রাজ্যের বিভিন্ন এলাকায় এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছতে চাইছে বামেরা।(CPM Book Stall Campaign)











