পানিহাটিতে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হল ১৪ নম্বর ওয়ার্ডের বিজেপি সম্পাদক রুমা সাহার স্বামী অরূপ সাহার। সোদপুর সাইডিং বাজারে গোলমাল থামাতে গিয়ে আক্রান্ত হন তিনি। অভিযোগ, কয়েকজন যুবকের ধাক্কায় মাটিতে পড়ে অসুস্থ হয়ে যান অরূপ। তাঁকে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় দলের জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের বিরুদ্ধে সরব হয়েছেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও চেয়েছেন তিনি। (Panihati BJP Clash Death)
বাজারে অশান্তি থামাতে গিয়ে আক্রান্ত অরূপ
রুমা সাহার দাবি, সোদপুর বাজারে কয়েকজন যুবকের অশালীন মন্তব্যের প্রতিবাদ করেছিলেন এক ব্যবসায়ী। সেই সময় ওই যুবকেরা ব্যবসায়ীর সঙ্গে ঝামেলা শুরু করেন। ব্যবসায়ী বিষয়টি রুমাকে জানান। প্রথমে পরিস্থিতি শান্ত হলেও কিছুক্ষণ পর ফের গোলমাল শুরু হয়। খবর পেয়ে স্বামীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন রুমা। তাঁর অভিযোগ, অশান্তি থামানোর চেষ্টা করতেই অরূপকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয়। (Panihati BJP Clash Death)
জেলা সভাপতি চণ্ডীচরণ রায়কে নিশানা বিধায়কের
ঘটনার খবর পেয়ে সকালে অরূপের বাড়িতে যান বিজেপি নেতা-কর্মীরা। সেখানে পৌঁছন বিধায়ক রত্না দেবনাথও। তিনি অভিযোগ করেন, জেলা সভাপতি চণ্ডীচরণ রায় বিভিন্ন ওয়ার্ডে কনভেনার নিয়োগ করেছেন। তাঁদের অনেকেই তৃণমূল থেকে আসা। তাঁরাই দলবল নিয়ে এলাকায় অশান্তি করছেন বলে দাবি বিধায়কের। রত্না বলেন, রুমার পরিবার যাতে নিরাপদে থাকতে পারে, তা মুখ্যমন্ত্রীকে দেখতে হবে। পাশাপাশি ঘটনায় জড়িতদের শাস্তির দাবিও জানান তিনি। পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বলেও দাবি করেন।
রাজদীপ ও ননীর নাম, তদন্তের দাবি
রুমার অভিযোগ, রাজদীপ-সহ বেশ কয়েকজন এই ঘটনায় জড়িত। রাজদীপ বিজেপির যুব সভাপতি বলেও দাবি করেছেন তিনি। ১৪ নম্বর ওয়ার্ডের ননী নামে এক ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন রুমা। তাঁর দাবি, ননীই রাজদীপ ও তৃণমূলের লোকজনকে ডেকে এনেছিলেন। অভিযুক্তদের নাম থানায় জমা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন রুমা। (Panihati BJP Clash Death)










