জগদ্ধাত্রী পুজোয় সেজে উঠেছে হুগলির চন্দননগর থেকে শুরু করে মানকুন্ডুর বিভিন্ন প্রান্ত। এবার ৫৬তম বছরে হুগলির মানকুন্ডু শহরের সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজোয় রয়েছে বিশেষ চমক। ৩০ ফুট উচ্চতার তৈরি হয়েছে রামচন্দ্র। তার হাতে রয়েছে আনুমানিক ১০ কেজি ওজনের বিশাল তীর-ধনুক। যেন অযোধ্যা নগরীকে পাহারা দিচ্ছেন স্বয়ং রামচন্দ্র। এমনই অভিনব ভাবনায় সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ (jagadhatri puja 2026)।
jagadhatri puja 2026: কী বলছে পুজো কমিটি?
এই পুজো কমিটির এক সদস্যের কথায়, ৫৬ বছরে পা দিয়েছে এই পুজো। প্রতিবারের মতো এ বছরও পুজোতেও নতুন থিমের ভাবনা থেকেই তৈরি করা হয়েছে কাল্পনিক অযোধ্যা শহর। ৫০ হাজার টাকা বাজেটের এই পুজোয় বিশেষ চমক ৩৫ ফুটের রামচন্দ্রের মূর্তি। মণ্ডপের অন্দরসজ্জায় কাল্পনিক ভাবনার মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে গোটা অযোধ্যা নগরীর পরিবেশ। রামচন্দ্রের বিশালাকার মূর্তি থেকে শুরু করে মণ্ডপের প্রতিটি সাজসজ্জায় তুলে ধরা হয়েছে অযোধ্যার বিশেষ আবহ। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলার হাত ধরেই সম্পূর্ণ হয়েছে এই অভিনব মণ্ডপসজ্জা (jagadhatri puja 2026)।
উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, গতকাল অর্থাৎ পঞ্চমীর দিন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে উদ্বোধন হয়েছে এই পুজো মণ্ডপ। মুখ্যমন্ত্রীর হাত ধরে নিজেদের পুজোর উদ্বোধন হওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত উদ্যোক্তারা। তাঁদের কথায়, “এই প্রথম কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মণ্ডপসজ্জার উদ্বোধন করতে এলেন। আমরা অত্যন্ত আপ্লুত ও খুশি।”
প্রায় দু’মাস ধরে সময় নিয়ে তৈরি করা হয়েছে এই মণ্ডপ। শিল্পী গৌরাঙ্গ কুইলার জরি, চুমকি, পুথির মালা দিয়ে সাজিয়ে তুলেছেন মায়ের মূর্তি। চতুর্থী থেকেই মন্ডপ খুলে দেওয়া হয় দর্শনার্থীর জন্য। প্রথম দিনেই মণ্ডপে দর্শকদের ভিড় ছিল দেখার মতো। ৫৬ বছরের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে এবার অযোধ্যা নগরীর অভিনব উপস্থাপনার মাধ্যমে দর্শনার্থীদের মন জয় করতে প্রস্তুত মানকুন্ডু সার্কাস মাঠের এই জগদ্ধাত্রী পুজো।












