প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা শেষ হতে না হতেই প্রকাশ্যে BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের বেলদায়। রবিবার সভা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই বেলদা স্টেডিয়াম চত্বরে দলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়, যা মুহূর্তের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
রবিবার, ১৯ এপ্রিল বেলদা স্টেডিয়ামে বিজেপি প্রার্থীদের সমর্থনে বিশাল জনসভা করেন প্রধানমন্ত্রী। সভা থেকে তিনি বাংলায় বিজেপি সরকার গঠনের বার্তা দেন এবং দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতাদের বিরুদ্ধে কড়া বার্তা দেন। তবে সভা শেষ হতেই পরিস্থিতি সম্পূর্ণ এক ভিন্ন মোড় নিতে দেখা যায়। (BJP Clash)
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রধানমন্ত্রীর হেলিকপ্টার উড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই সভামঞ্চ সংলগ্ন এলাকায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যে সেই বচসা হাতাহাতিতে রূপ নেয়। প্রকাশ্যেই লাথি-ঘুষি চলতে থাকে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শংকর গুছাইত। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা কটাক্ষ করে বলেন, “যারা বাংলার ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে, তাদের আসল চেহারা মানুষের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে। ভোট এখনও হয়নি, অথচ এমন অবস্থা। ক্ষমতায় এলে কী হবে, তা এই ঘটনাই প্রমাণ করে দিচ্ছে।”(BJP Clash)
অন্যদিকে, বিজেপির পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুমিত মণ্ডল এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা থাকলেও বড় কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো গিয়েছে। (BJP Clash)











