সাতসকালে রাস্তার পাশ থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, মঙ্গলবার সকালে দক্ষিণ ট্যাঙারবেড়িয়া এলাকায় একটি দোকানঘরের সামনে রাস্তার ধারে বোমাটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। আর সময় নষ্ট না করে খবর দেওয়া হয় বারুইপুর থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সেটি উদ্ধার করে নিয়ে যায়। পরে বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। (Bombs Recovered From Baruipur)
দোকানের সামনে পড়ে ছিল বোমা
স্থানীয়দের দাবি, সকালে ঘুম থেকে উঠে রাস্তায় বেরিয়ে দোকানের সামনে সন্দেহজনক বস্তুটি পড়ে থাকতে দেখা যায়। কাছে গিয়ে সেটি বোমা বলে সন্দেহ হওয়ায় আর দেরি না করে পুলিশকে খবর দেওয়া হয়। বাসিন্দাদের অনুমান, রাতের অন্ধকারেই বাইরে থেকে এসে কেউ বা কারা সেখানে বোমাটি ফেলে রেখে যেতে পারে।
স্বাধীনতার ৮০তম বর্ষে সবুজ বাংলার ডাক, একদিনে ৫০ লক্ষ চারা রোপণের উদ্যোগ সরকারের
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বাসিন্দাদের একাংশের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় এক মহিলা আশঙ্কা প্রকাশ করে বলেন, বোমাটি যদি কোনও শিশু বা সাধারণ পথচারীর হাতে চলে যেত, তা হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।
কারা রাখল বোমা? তদন্ত পুলিশের
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ঘটনার পিছনে কারা রয়েছে তা দ্রুত চিহ্নিত করে কড়া পদক্ষেপ নেওয়া হোক। পাশাপাশি এলাকায় কোথাও বেআইনিভাবে বিস্ফোরক মজুত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখার দাবি উঠেছে। কে বা কারা বোমাটি সেখানে রেখে গিয়েছিল এবং এর পিছনে কোনও নির্দিষ্ট উদ্দেশ্য ছিল কি না, তা জানতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। (Bombs Recovered From Baruipur)








