পশ্চিমবঙ্গে অবাধ ও শান্তিতে ভোট হবে। মঙ্গলবার সকালে বেলুড় মঠে গিয়েছিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (West Bengal Election)। সেখানেই সাংবাদিকদের এ কথা জানিয়েছিলেন তিনি। এদিন বিকেলে সাংবাদিক বৈঠকে সে কথারই পুনরাবৃত্তি করলেন। এদিনে বৈঠকে জ্ঞানেশ ছাড়াও উপস্থিত ছিলেন অপর দুই নির্বাচন কমিশনার বিবেক জোশী এবং সুখবীর সিংহ সান্ধু। ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালও।
এদিন জ্ঞানেশ বলেন, ‘ভোট হবে অবাধ, শান্তিপূর্ণ। কোনও হিংসা বরদাস্ত করবে না কমিশন।’ ভোট কর্মীদের জন্য আশ্বাসবাণী দিয়ে জানান, কর্মীদের ভয় দেখানো বা হুমকির অভিযোগ পেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সেইসঙ্গে বৈধ কারও নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না।
মুখ্য নির্বাচন কমিশনার জোর দিয়ে বলেন, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে কমিশন বদ্ধপরিকর। কোনও কারচুপি বরদাস্ত করা হবে না। ভোটের কাজে যুক্ত প্রত্যেক আধিকারিককেই কমিশনের নির্দেশে কাজ করতে হবে। রাজনৈতিক দল কিংবা নেতার নির্দেশে কাজ করলে আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভোটার তালিকা নাম নেই, রাগে BLO–র বাড়িতে হামলা
তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ৮০ হাজারেরও বেশি বুথ থাকবে। কোনও বুথে ১২০০-র বেশি ভোটার থাকবেন না। প্রতিটি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে। প্রতি বুথে থাকবে ভোটার সহায়তা কেন্দ্র-সহ পানীয় জলের বন্দোবস্ত সহ বাইরে মোবাইল ফোন রাখার জায়গা।
কত দফায় ভোট হবে, তা আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জ্ঞানেশ। পরিস্থিতি পর্যালোচনার পর দিল্লি ফিরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে এসআইআর করা হয়েছে। সেখানে বৈধ ভোটারদের নামই তালিকায় রাখা হয়েছে। বিবেচনাধীন ৬০ লক্ষ ভোটার প্রসঙ্গে তেমন কিছু জানাননি জ্ঞানেশ কুমার। বিবেচনাধীন ভোটারদের নথি খতিয়ে দেখার কাজ করছেন আদালত নিযুক্ত বিচারক এবং বিচারবিভাগীয় আধিকারিকেরা। তবে তিনি জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশিত হোক অতিরিক্ত ভোটার তালিকা।








