দুর্গাপুজোর আর মাত্র কয়েকদিন বাকি। তবে তার আগেই মহালয়ার সন্ধ্যায় এক চোখ ধাঁধানো বর্ণাঢ্য অনুষ্ঠানের সাক্ষী হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্স। একই মঞ্চে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইডেন থেকেই কলকাতার পাঁচটি নামী দুর্গাপুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ৬ হাজার শিল্পীর সাংস্কৃতিক অনুষ্ঠান, লাইট অ্যান্ড সাউন্ড শো, ড্রোন শো এবং বাঙালিয়ানায় প্রধানমন্ত্রীকে বরণ—সব মিলিয়ে মহালয়ার সন্ধ্যাকে স্মরণীয় করে তোলার প্রস্তুতি চলছে জোরকদমে। শুক্রবার সকালে এই অনুষ্ঠান নিয়েই প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
Eden Gardens Mega Show: রেড রোডে রোড শো, ঢাক-উলুধ্বনিতে মোদিকে বরণ
শুক্রবারের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব, কলকাতার পুলিশ কমিশনার, পুরসভার আধিকারিকরা এবং CABর কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। ঠিক হয়েছে, মহালয়ার দিন বিকেল পাঁচটা থেকে ইডেনে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মূল পর্ব চলবে সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা কুড়ি পর্যন্ত।
ইডেনে প্রবেশের আগে রেড রোডে প্রধানমন্ত্রীর রোড শো হওয়ার কথা। এরপর ঢাক, উলুধ্বনি ও বাঙালিয়ানার নানা আয়োজনে তাঁকে বরণ করা হবে। ভারতীয় দলের ড্রেসিংরুম থেকে মাঠে ঢুকবেন নরেন্দ্র মোদি। অ্যাওয়ে টিমের ড্রেসিংরুম থেকে মাঠে প্রবেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর গল্ফ কার্টে গোটা মাঠ প্রদক্ষিণ করবেন প্রধানমন্ত্রী। তাঁদের উপস্থিতিতে হবে লাইট অ্যান্ড সাউন্ড শো। দু’জন ইডেন ছাড়ার পর হবে ড্রোন শো ও আতসবাজির প্রদর্শনী।
৩৫ হাজার দর্শক, ৭০০ সাংবাদিকের ব্যবস্থা
প্রথমবার ইডেনে আসছেন প্রধানমন্ত্রী। তাই নিরাপত্তা ও দর্শক ব্যবস্থাপনায় বিশেষ নজর দিচ্ছে প্রশাসন ও সিএবি। প্রায় ৩৫ হাজার দর্শক, আড়াই হাজার ভিভিআইপি এবং ৭০০ সাংবাদিকের বসার ব্যবস্থা করা হচ্ছে।
CABর কোষাধ্যক্ষ সঞ্জয় দাস জানিয়েছেন, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের আয়োজনের অভিজ্ঞতা তাঁদের নেই। তবে যেভাবে নির্দেশ দেওয়া হবে, সেই অনুযায়ী ব্যবস্থা করা হবে। সূত্রের খবর, আমেদাবাদে টি-টোয়েন্টি ফাইনালের মতো চোখধাঁধানো ড্রোন ও লেজার শো হতে পারে। অনুষ্ঠানের তিন দিন আগে থেকেই ইডেনের নিরাপত্তার দায়িত্ব নিতে পারেন প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা।
টানা বৃষ্টিতে ফের সিকিমে ধস, রিম্বিতে সিকিম ল্যান্ডস্লাইডে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি
তবে আপাতত ইডেনে প্রবেশ ও বেরোনোর ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই। সিএবির কাজকর্মও স্বাভাবিক থাকবে। শুধু অনুষ্ঠানের দিন ক্লাব হাউসের দু’টি তলা ও প্রেস বক্সে প্রবেশ নিষিদ্ধ থাকবে। (Eden Gardens Mega Show)
শান্তনু মৈত্রের পরিচালনায় হবে সঙ্গীতানুষ্ঠানও
ওইদিন সঙ্গীতানুষ্ঠান পরিচালনা করবেন সুরকার শান্তনু মৈত্র। গান গাইতে পারেন শান, অন্তরা মিত্র, লগ্নজিতা চক্রবর্তী, দেবর্ষি ভট্টাচার্য ও কৌশিকী চক্রবর্তী দেশিকান। থাকছে দোহার ব্যান্ড এবং বাংলার লোকসঙ্গীতের পরিবেশনাও। তবে শ্রেয়া ঘোষাল ও সুরকার প্রীতম দেশের বাইরে থাকায় অনুষ্ঠানে থাকছেন না বলে খবর। সব মিলিয়ে মহালয়ার সন্ধ্যায় ক্রিকেটের নন্দনকানন হয়ে উঠতে চলেছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ।











