টানা বৃষ্টিতে ফের ধস সিকিমে। বৃহস্পতিবার রাতে পশ্চিম সিকিমের রিম্বি গ্রামে বড়সড় ধস নামে। ধসের মাটি-পাথর ঢুকে পড়ে বসতিপূর্ণ এলাকায়। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। পাশাপাশি ক্ষতি হয়েছে বিদ্যুৎ দফতরের কয়েকটি সরকারি আবাসনেও। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। (Sikkim Landslide)
রিম্বিতে বাড়ছে উদ্বেগ
রিম্বি গ্রামটি ইয়াকসাম-টাশিডিং বিধানসভা এলাকার মধ্যে পড়ে। বৃহস্পতিবার রাতের ধসের পর এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। লাগাতার বৃষ্টির কারণে আরও ধস নামার আশঙ্কা রয়েছে। বাড়ি ও সম্পত্তির পাশাপাশি এলাকার যোগাযোগ ব্যবস্থাও ঝুঁকির মুখে পড়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। (Sikkim Landslide)সিকিমের অন্য এলাকাতেও বৃষ্টির জেরে ধস, কাদামাটি ও পাথর নেমে আসার ঘটনা ঘটছে। একাধিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। গ্যাংটক জেলাতেও বেশ কিছু এলাকায় ক্ষয়ক্ষতির খবর এসেছে।
গ্যাংটকের একাধিক এলাকা পরিদর্শন
বৃষ্টিজনিত ক্ষয়ক্ষতির হিসাব শুরু করেছে গ্যাংটক জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ বা DDMA. বুধ ও বৃহস্পতিবার বিভিন্ন এলাকা পরিদর্শন করে একটি বহু দফতরের দল। নেতৃত্বে ছিলেন কাভি-টিংদা বিধায়ক শেরিং টি ভুটিয়া। দলে ছিলেন বিধায়কের ওএসডি, কাউন্সিলর, ডিডিএমএ আধিকারিক, রোডস অ্যান্ড ব্রিজেস দফতরের ইঞ্জিনিয়ার, রাঙ্কা ব্লকের বিডিও এবং রাজস্ব দফতরের কর্মীরা। লুইং-রাঙ্কা হাইওয়ের বোঝোঘারি, লোয়ার বোঝোঘারি, লিংডিং, হাই কোর্ট রোড, টিএনএ গেট,ভিআইপি কলোনি, আপার জেড-বোঝোঘারি, পাংথাং-লিংডক রোড, পামরো গাঁও, লিং পারবিং, লুইং, ফেনজং, রাঙ্কা, রাকডং টিনটেক, দারাগাঁও আপার বুর্তুক, সিচে এবং আরিথাং পরিদর্শন করা হয়। (Sikkim Landslide)
রাস্তা পরিষ্কার করে স্বাভাবিকের চেষ্টা
বেশ কিছু রাস্তায় ধসের মাটি ও ধ্বংসাবশেষে আটকে রয়েছে। ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। সিচের স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টও ক্ষতিগ্রস্ত হয়েছে। এনচে স্কুলের ৩৩/১১ কেভি সুইচিং স্টেশনের কাছে জমে থাকা ধ্বংসাবশেষকে বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে। ধসপ্রবণ এলাকায় বৃষ্টির জল ঢোকা আটকাতে ত্রিপল দেওয়া হয়েছে। রাস্তা ও ধ্বংসাবশেষ দ্রুত সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। ক্ষতিগ্রস্তদের সাহায্যের ব্যবস্থাও করা হচ্ছে।
ধসপ্রবণ এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত না করার পরামর্শ দিয়েছে প্রশাসন। বিশেষ করে রাতে সতর্ক থাকতে বলা হয়েছে। বাড়ির আশপাশে মাটিতে ফাটল, ঢাল নড়ে যাওয়া বা ধ্বংসাবশেষ পড়ার মতো লক্ষণ দেখা গেলে দ্রুত প্রশাসনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। (Sikkim Landslide)












3 thoughts on “টানা বৃষ্টিতে ফের সিকিমে ধস, রিম্বিতে সিকিম ল্যান্ডস্লাইডে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি”
Comments are closed.