বয়স ৩৮ দিন। বাড়ির ভারী প্রিয় সদস্যটি হঠাৎই নিখোঁজ। হন্নে হয়ে খুঁজছে পরিবার, কিন্তু এখনও দেখা মিলল না ছোট্ট ‘টুনটুনি’র। পূর্ব বর্ধমান জেলার খাজা আনোয়ার বেড় এলাকায় এক আদরের পোষ্য কুকুরছানা নিখোঁজ হয়ে যাওয়ায় উৎকণ্ঠায় পরিবার।
পরিবার সূত্রে জানা গেছে, টুনটুনি ছিল বারোটি পোষ্য কুকুরের মধ্যে সবচেয়ে ছোট। বয়স কম হলেও সবার আদরে সে যেন বাড়িরই একজন সদস্য হয়ে উঠেছিল। জাতে দেশীয় হলেও তার চেহারায় ছিল একদম বিদেশি কুকুর ছানার মতোই। সাধারণত সে বাড়ি ও বাগানের মধ্যেই ঘোরাফেরা করত, পরিবারের সবার সঙ্গে খেলাধুলা করত।শুক্রবার সকালেও নিয়মমতো খাওয়া-দাওয়া করেছিল টুনটুনি। এরপর হঠাৎ করেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। Lost Dog
প্রথমে বাড়ির চারপাশে খোঁজাখুঁজি করা হলেও কোনও হদিশ মেলেনি। পরে প্রতিবেশীদের জানানো হয়, এলাকাজুড়ে খোঁজ শুরু হয়। স্থানীয়দের সহায়তায় পোস্টারও লাগানো হয়েছে বিভিন্ন জায়গায়। কিন্তু ওই এলাকায় কোন সিসিটিভি ক্যামেরা না থাকায় এখনো অবধি টুনটুনির নিখোঁজের সময়কার কোনও তথ্য মেলেনি।
পরিবারের পক্ষ থেকে বর্ধমান পুলিশ স্টেশন এ নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পুলিশও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলে জানা গেছে। পাশাপাশি এলাকার মানুষজনও ছোট্ট কুকুরছানাটিকে খুঁজে পেতে এগিয়ে এসেছেন।
পরিবারের আবেগঘন আবেদন, “টুনটুনি আমাদের পরিবারের সদস্যের মতো। ও খুব ছোট, একা থাকতে পারে না। কেউ যদি ওকে কোথাও দেখে থাকেন বা নিরাপদে ফিরিয়ে দেন, তাঁকে ১,০০০ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।” Lost Dog
পোষ্য অনেকেরই থাকে তবে তার জন্য এরকম ভালোবাসা খুবই বিরল। এই মুহূর্তে পরিবারের একটাই প্রার্থনা— টুনটুনি যেন সুস্থ ও অক্ষত অবস্থায় দ্রুত ফিরে আসে তার আপন ঘরে। যদি কেউ এই কুকুরছানাটির সন্ধান পেয়ে থাকেন, তবে দ্রুত পরিবারের সঙ্গে বা স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।









