দেশের প্রধানমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির প্রধানের জন্মদিন বলে কথা। সে তো আর যে সে ব্যাপার নয়। আজ, বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন। আর তাঁর জন্মদিন উপলক্ষ্যে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গেও দিনভর একাধিক কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। কলকাতা থেকে জেলার বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করছেন বিজেপি নেতৃত্ব ও সমর্থকরা।
Modi’s Birthday Celebration: প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় পুজো, যজ্ঞ
এই কর্মসূচিরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে উত্তর কলকাতার জোড়াবাগান এলাকায় দেখা গেল বিশেষ আয়োজন। নরেন্দ্র মোদির দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় পুজো ও যজ্ঞের আয়োজন করেন এলাকার বিজেপি সমর্থকরা। সকাল থেকেই শুরু হয় ধর্মীয় অনুষ্ঠান। পুজোর পাশাপাশি হোম, যজ্ঞ এবং আরতিরও আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর ছবির সামনে রাখা হয় ধোকলা ও লাড্ডু। এগুলিকে প্রধানমন্ত্রীর পছন্দের খাবার হিসেবেও উল্লেখ করেন আয়োজকরা। ধর্মীয় অনুষ্ঠান শেষ হওয়ার পর ওই খাবার সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে বিতরণ করার উদ্যোগও নেওয়া হয়েছে।
৭৬-এ পা প্রধানমন্ত্রীর, ২৫ বছরের রাজনৈতিক যাত্রায় কতটা বদলাল ভারতের রাজনীতির ছবি?
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে রাজ্যে বিজেপির তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। কোথাও পুজো, কোথাও মানুষের মধ্যে খাবার বিতরণ, আবার কোথাও অন্যান্য সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। জোড়াবাগানের এই পুজো-যজ্ঞও সেই কর্মসূচিরই অংশ বলে উদ্যোক্তাদের দাবি। (Modi’s Birthday Celebration)
এদিন সকাল থেকেই জোড়াবাগান এলাকায় অনুষ্ঠানকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। প্রধানমন্ত্রীর ছবিকে সামনে রেখে পুজো এবং যজ্ঞের মাধ্যমে তাঁর জন্মদিন উদযাপন করেন তাঁরা। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবিও দেখা যায় এই অনুষ্ঠানে।
অন্যদিকে, সকাল সকাল ঠনঠনিয়া কালীর বাড়ির সামনেও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়। সেখানে নরেন্দ্র মোদির মঙ্গল কামনায় যজ্ঞে অংশ নেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। কলকাতার বিভিন্ন প্রান্তে বিজেপির এই ধরনের কর্মসূচির মধ্য দিয়েই এদিন প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালন করা হচ্ছে।












1 thought on “মোদির জন্মদিনে জোড়াবাগানে যজ্ঞ, ছবির সামনে ধোকলা-লাড্ডুর নৈবেদ্য”