দীর্ঘদিনের অপেক্ষার এবার অবসান হতে চলেছে। চিংড়িহাটায় মাত্র ৭০০ মিটার অংশের কাজ আটকে থাকায় দীর্ঘদিন ধরে থমকে ছিল নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ। অবশেষে সেই জট কেটেছে। নির্মাণকাজ শেষ হওয়ার পাশাপাশি সফল হয়েছে ট্রায়াল রানও। ফলে এবার সাধারণ যাত্রীদের জন্য এই রুটে মেট্রো পরিষেবা চালুর অপেক্ষা। বৃহস্পতিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দ্রুত পরিষেবা চালুর আর্জি জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
১৭ রেলপ্রকল্পে মিলল সবুজ সঙ্কেত
বৃহস্পতিবার রেলভবনে রেলমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের একাধিক আটকে থাকা রেলপ্রকল্প এবং বকেয়া কাজ নিয়ে আলোচনা হয় সেখানে। বৈঠক শেষে শুভেন্দু জানান, রাজ্যের মোট ১৭টি গুরুত্বপূর্ণ রেলপ্রকল্পে সবুজ সঙ্কেত দিয়েছেন রেলমন্ত্রী। চিংড়িহাটার সমস্যা সম্পূর্ণ মিটে গিয়েছে বলেও দাবি করেন তিনি।
মুখ্যমন্ত্রীর কথায়, যত দ্রুত সম্ভব নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা চালু করতে চায় রাজ্য। এই প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়েই করানোর ইচ্ছা রয়েছে তাঁদের। প্রধানমন্ত্রীর দফতর থেকেই উদ্বোধনের চূড়ান্ত দিনক্ষণ জানানো হবে। (New Garia Sector V Metro Update)
হিলি ও নন্দীগ্রাম রেলপথ নিয়েও তৎপরতা
শুধু কলকাতার মেট্রো নয়, রাজ্যের অন্যান্য রেলপ্রকল্প নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। দীর্ঘদিন ধরে জমি জটের কারণে আটকে থাকা হিলি এবং নন্দীগ্রাম-দেশপ্রাণ রেলপ্রকল্পের কাজ দ্রুত শেষ করার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, নতুন সরকার গঠনের পর জমি সংক্রান্ত সমস্যাগুলি মিটেছে। আগামী বছরের মার্চ মাসের মধ্যে এই দুই রুটে ট্রেন চালানো সম্ভব কি না, তা খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি।
গঙ্গাসাগর পর্যন্ত রেলপথ সম্প্রসারণের পরিকল্পনা
গঙ্গাসাগর মেলায় যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে কপিলমুনির আশ্রম পর্যন্ত রেলপথ সম্প্রসারণের প্রস্তাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই ৪ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানান তিনি। দ্রুত ডিপিআর তৈরি এবং সমীক্ষার কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। (New Garia Sector V Metro Update)
এ ছাড়াও রাজ্যের শিল্প ও বাণিজ্যের উন্নতির জন্য পণ্য পরিবহণে রেলের ভূমিকা বাড়ানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী। মালগাড়ির গতি বৃদ্ধি এবং নতুন করিডর তৈরির বিষয়েও আলোচনা হয়েছে। সব মিলিয়ে, কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে এই ১৭টি রেলপ্রকল্পের কাজ এগোলে বাংলার যোগাযোগ ব্যবস্থায় যে বড়সড় পরিবর্তন আসবে তা বলাই বাহুল্য।












