আজ এসআইআর (SIR) প্রক্রিয়ার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। তার ঠিক আগের রাত থেকেই রাজ্যজুড়ে কড়া নিরাপত্তার ছবি সামনে এল। সম্ভাব্য অশান্তি এড়াতে একাধিক জেলায় রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে রুটমার্চ শুরু করেছে। অন্যদিকে, কোনও রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে সিইও দফতরে সামনে বাড়ানো হয় পর্যাপ্ত পুলিশ ফোর্স।
মালদহ (সুজাপুর): মালদায় শুক্রবার গভীর রাতে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যায়। সুজাপুর বিধানসভা এলাকায় বাহিনী পৌঁছনোর পরই নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বিভিন্ন এলাকায় রুটমার্চ শুরু হয়। বাহিনীর উপস্থিতিতে এলাকায় টহল বাড়ানো হয়, যাতে চূড়ান্ত তালিকা প্রকাশের সময় কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।
মুর্শিদাবাদ (রানিনগর): একই ছবি ধরা পড়েছে মুর্শিদাবাদেও। রানিনগর থানার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে রাজ্য পুলিশের আধিকারিকরা রুটমার্চ করছেন। ভোটার তালিকা প্রকাশের আগেই প্রশাসন সতর্ক অবস্থান নিয়েছে। স্থানীয় সূত্রে খবর,সাধারণ মানুষ যাতে নিশ্চিন্তে থাকতে পারেন,সে বার্তাই দিচ্ছে প্রশাসন।
উত্তর ২৪ পরগনা (বসিরহাট): উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমাতেও একই চিত্র। সীমান্ত এলাকা থেকে সুন্দরবনের একাধিক অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলছে। সর্দারহাটি ও ত্রিমোহিনী এলাকায় সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ টহল দেখা যায়। জওয়ানরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে সাহস জোগাচ্ছেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বার্তা দিচ্ছেন।
সব মিলিয়ে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশকে ঘিরে রাজ্যজুড়ে সতর্ক প্রশাসন। মালদা থেকে মুর্শিদাবাদ, বসিরহাট—বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি স্পষ্ট করে দিচ্ছে, নির্বাচন কমিশন নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে কোনও ঝুঁকি নিতে চাইছে না।









