মাঝ রাস্তায় তৃণমূল নেতার গাড়ি আটক করে তাঁকে হেনস্থা করার অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। কালিকাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা মাধবচন্দ্র মণ্ডলের অভিযোগ, রাস্তায় কয়েকজন বিজেপি সমর্থক বিধায়ক দেবাশিস ধরের সঙ্গে তাঁর একটি ছবি দেখিয়ে তাঁকে তাঁর রাজনৈতিক যোগাযোগ নিয়ে প্রশ্ন করে। ঘটনার সময় পিছন দিক থেকে তাঁর দিকে ডিম ও ইট ছোড়া হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি। ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও ঘটনার এবং তৃণমূল নেতার সঙ্গে কোনও যোগাযোগ নেই বলেই সাফ জানিয়েছেন সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর।
Sonarpur Incident: পুলিশের থেকেও মেলেনি সাহায্য
মাধবচন্দ্র মণ্ডলের আরও অভিযোগ, ঘটনার সময় কাছেই একটি পুলিশের গাড়ি দেখতে পান তিনি। তখন সাহায্যের জন্য চিৎকারও করেন। তবে তাঁর দাবি, পুলিশের থেকে সেই সময় কোনও সাহায্য পাওয়া যায়নি। যদিও এই বিষয়ে পুলিশের তরফে এখনও বিস্তারিত কোনও বক্তব্য সামনে আসেনি।
ঘটনার সূত্রপাত একটি বেসরকারি হাসপাতালের অনুষ্ঠানের থেকে। হাসপাতালের আমন্ত্রণে আয়োজিত সেই অনুষ্ঠানে গিয়েছিলেন মাধবচন্দ্র মণ্ডল। সেখানেই সৌজন্যতার খাতিরে সোনারপুর উত্তরের বিজেপি বিধায়ক দেবাশিস ধরের সঙ্গে তিনি ছবি তোলেন। সেই ছবিকেই কেন্দ্র করে পরবর্তী সময়ে প্রশ্ন ওঠে বলে দাবি তাঁর।
শিক্ষক দিবসে ‘বর্ণপরিচয়’-এর স্রষ্টার চরম অবহেলা, বারুইপুরে ঝোপে পড়ে বিদ্যাসাগরের মূর্তি
যোগাযোগের দাবি অস্বীকার বিধায়কের
অন্যদিকে, মাধবচন্দ্র মণ্ডলের সঙ্গে যোগাযোগের কথা অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক দেবাশিস ধরও। তিনি জানিয়েছেন, মাধব মণ্ডলকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। তাঁর সঙ্গে কোনও ধরনের রাজনৈতিক যোগাযোগ নেই বলেও জানান বিধায়ক।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল নেতাদের হেনস্থা ও ‘ডিম থেরাপি’র মতো ঘটনা নিয়ে বারবারই শিরোনামে উঠে এসেছে। তবে শাসকদল এই ধরনের আচরণকে সমর্থন করে না বলেই জানিয়েছে। এবারও সোনারপুরের এই ঘটনা প্রসঙ্গেও বিধায়ক দেবাশিস ধর জানিয়েছেন, তিনি কোনও ধরনের মারধর, গালিগালাজের পক্ষে নন। কারও সঙ্গে এমন কোনও ঘটনা ঘটে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। (Sonarpur Incident)
ঘটনার পর সোনারপুর থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছেন মাধবচন্দ্র মণ্ডল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সময় ঠিক কী হয়েছিল এবং অভিযোগের পিছনে প্রকৃত ঘটনা কী, তা তদন্তের পরই স্পষ্ট হবে।











2 thoughts on “বিজেপি বিধায়কের সঙ্গে ছবি ঘিরে বিতর্ক? সোনারপুরে তৃণমূল নেতার গাড়ি আটকে হেনস্থার অভিযোগ”