পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই ফের বৃষ্টির পূর্বাভাস বাংলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী ৭ ও ৮ অক্টোবর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে স্বস্তির খবর, কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি বজ্রপাতের সঙ্গে কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে।
Weather Update: দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতার পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম ও দুই ২৪ পরগনায় আগামী দুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
পশ্চিমাঞ্চলের জেলাগুলির মধ্যেও বেশ কিছু জায়গায় সতর্কতা রয়েছে। বাঁকুড়ায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এবং পুরুলিয়ায় বুধ ও বৃহস্পতিবার ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। পশ্চিম বর্ধমানে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এবং পূর্ব বর্ধমানে বুধ ও বৃহস্পতিবার বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হলুদ সতর্কতা থাকবে।
উত্তরবঙ্গে তুলনামূলক ভারী বৃষ্টি
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রপাত-সহ হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরেও বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণ দিনাজপুর ও মালদায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উৎসবের মরসুমে মিষ্টির ক্রেভিং? অজান্তেই লিভারের ক্ষতি করছেন না তো?
তবে এই বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে বলেই পূর্বাভাস। দেশের বিভিন্ন অংশে ইতিমধ্যেই বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। আবহাওয়া দফতরের মতে, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাতেও ধীরে ধীরে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। ৭ অক্টোবরের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমতে পারে। (Weather Update)
দেবীপক্ষ শুরু হলে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ফের শুষ্কভাব ফিরতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য কম থাকতে পারে। তবে দিনের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে পুজোর আগে আপাতত বড় বৃষ্টির আশঙ্কা না থাকলেও, ৭-৮ অক্টোবরের বিক্ষিপ্ত বৃষ্টি কিছুটা ভোগাতে পারে।











