রাজ্য বিধানসভার ভোট গণমা সোমবার সকাল ৮টা থেকে শুরু হতেই বিভিন্ন কেন্দ্রে প্রবণতা আসতে শুরু করে। প্রথমে পোস্টাল ব্যালট, তারপর ইভিএম গণনা চলছে। গোটা রাজ্যে মোট ২৯৪ টি আসনের মধ্যে ২৯৩ টিতে গণনা হচ্ছে, একটি কেন্দ্রে পরে ভোটগ্রহণ হবে। (West Bengal Election Counting 2026)
কলকাতা সহ বিভিন্ন জেলায় কড়া নিরাপত্তার মধ্যে চলছে গণনা। প্রশাসন সূত্রে খবর, প্রতিটি কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সিসিটিভি নজরদারি এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, “গণনা প্রক্রিয়া যাতে সম্পূর্ণ স্বচ্ছ ও শান্তিপূর্ণ হয়, তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।”
নদিয়া জেলার কৃষ্ণনগর বিসিপি-তে ৭টি বিধানসভা এবং তেহট্টর বি.আর. আম্বেদকর কলেজে ৩টি কেন্দ্রের ভোটগণনা চলছে। মোট ১৪ টি রাউন্ডে গণনা হবে। পোস্টাল ব্যালট আলাদা ঘরে গণনা হচ্ছে এবং একই সঙ্গে ইভিএম গণনা। প্রথম রাউন্ডের ট্রেন্ডে কৃষ্ণনগর উত্তর, দক্ষিণ, নবদ্বীপ, কৃষ্ণগঞ্জ ও নাকাশিপাড়ায় এগিয়ে বিজেপি। চাপড়া ও কালীগঞ্জে এগিয়ে তৃণমূল। তেহট্ট মহকুমায় করিমপুরে তৃণমূল এগিয়ে থাকলেও পলাশীপাড়া ও তেহট্টে এগিয়ে বিজেপি মোট হিসাবে ৬টি আসনে বিজেপি ও ৪ টিতে তৃণমূল এগিয়ে থাকে।
প্রথম রাউন্ডের প্রবণতায় দক্ষিণ দিনাজপুরে কুশমণ্ডি, বালুরঘাট, তপন ও গঙ্গারামপুরে বিজেপি এগিয়ে। কুমারগঞ্জ ও হরিরামপুরে এগিয়ে তৃণমূল। অন্যদিকে মুর্শিদাবাদের বড়ঞা কেন্দ্রে টেকনিক্যাল সমস্যার কারণে পোস্টাল ব্যালট গণনায় দেরি হচ্ছে। (West Bengal Election Counting 2026)
ঝাড়গ্রামে দ্বিতীয় রাউন্ড শেষে বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ ২৮৭২ ভোটে এগিয়ে থাকেন। মেদিনীপুরে প্রথম রাউন্ডে ২৫৪৮ ভোটে এগিয়ে বিজেপি, দ্বিতীয় রাউন্ডে শংকর গুছাইত ২৭৩৮ ভোটে লিড বাড়ান। মন্তেশ্বরে বিজেপির সৈকত পাঁজা ৩৪৮৬ ভোটে এগিয়ে ছিলেন। আসানসোল উত্তর, দক্ষিণ ও কুলটিতে বিজেপির লিড বজায় রয়েছে, আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল ৬২৭১ ভোটে এগিয়ে।
প্রথম রাউন্ডে বীরভূমের বোলপুরে তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিংহ এগিয়ে, সিউড়িতে বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায় লিডে। বহরমপুরে বিজেপি এগিয়ে থাকলেও নওদায় এগিয়ে এজেইউপি। (West Bengal Election Counting 2026)
উত্তরবঙ্গ ও জঙ্গলমহল জুড়ে প্রথম রাউন্ডের ট্রেন্ডে জমে উঠেছে লড়াই। দিনহাটা বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী অজয় রায় ১৬৪৭ ভোটে এগিয়ে থাকেন, পিছিয়ে তৃণমূলের উদয়ন গুহ। মেখলিগঞ্জেও বিজেপির দধিরাম রায় ২৭২৭ ভোটে লিডে । অন্যদিকে ঘাটাল, চন্দ্রকোনা ও দাসপুরে ইভিএম গণনা শুরু হয়েছে—তবে পোস্টাল ব্যালটে ঘাটালে বিজেপি এগিয়ে, চন্দ্রকোণায় তৃণমূল এবং দাসপুরে অল্প ব্যবধানে তৃণমূল লিডে রয়েছে। উত্তর ২৪ পরগনার দেগঙ্গাতেও প্রথম রাউন্ড শেষে তৃণমূল এগিয়ে।
জঙ্গলমহলের চিত্রও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গোপীবল্লভপুরে বিজেপির রাজেশ মাহাত প্রথম রাউন্ডে ১৫১০ ভোটে এগিয়ে যান। বিনপুরে বিজেপি প্রার্থী প্রণত টুডু ১৩৫৫ ভোটে এগিয়ে থেকে প্রাক্তন মন্ত্রী বীরবাহা হাঁসদাকে পিছনে ফেলেছেন। নয়াগ্রামে অল্প ব্যবধানে, ৬৭ ভোটে এগিয়ে বিজেপির অমিয় কিস্কু। ঝাড়গ্রামে তিন রাউন্ড শেষে বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ ৪৪৯৩ ভোটে এগিয়ে। অন্যদিকে কান্দি বিধানসভা কেন্দ্রে তৃণমূল ১৭৮৬ ভোটে লিড ধরে রেখেছে।
প্রথম রাউন্ডে দক্ষিণবঙ্গের বিভিন্ন কেন্দ্রে মিশ্র চিত্র। জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-ফুলবাড়ি, রাজগঞ্জ, ময়নাগুড়ি, জলপাইগুড়ি সদর ও ধুপগুড়িতে বিজেপি এগিয়ে। দক্ষিণ ২৪ পরগনায় সোনারপুর দক্ষিণে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায় এগিয়ে, সোনারপুর উত্তরে তৃণমূলের ফেরদৌসী বেগম লিডে। কাকদ্বীপে তৃণমূলের মন্টুরাম পাখিরা এগিয়ে। ভাঙড়ে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী লড়াইয়ে নজর কেড়েছেন। গোসাবায় বিজেপি, বাসন্তী, বারুইপুর পূর্ব ও পশ্চিমে তৃণমূল এগিয়ে। রায়দিঘিতে বিজেপির পলাশ রানা, মন্দিরবাজারে তৃণমূলের জয়দেব হালদার, মগরাহাট পূর্ব-পশ্চিমে তৃণমূল প্রার্থীরা লিডে।
হাই-প্রোফাইল কেন্দ্রগুলিতেও নজরকাড়া লড়াই। প্রথম রাউন্ডে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এগিয়ে, ভবানীপুরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। সাতগাছিয়ায় বিজেপি এগিয়ে থাকলেও বিষ্ণুপুর, ক্যানিং পূর্ব ও পশ্চিম এবং ডায়মন্ড হারবারে তৃণমূল লিড ধরে রেখেছে। সাগরে বিজেপি এগিয়ে, পাথরপ্রতিমায় তৃণমূল লিডে।
পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে তৃতীয় রাউন্ড শেষে বিজেপি প্রার্থী শংকর গুছাইত ৭৩৩৪ ভোটে এগিয়ে। অন্যদিকে মুর্শিদাবাদ জেলায় লালগোলায় তৃণমূল এগিয়ে থাকলেও মুর্শিদাবাদ কেন্দ্রে বিজেপি লিডে রয়েছে। সামগ্রিকভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে পাল্টাপাল্টি লিডে জমে উঠেছে রাজনৈতিক লড়াই। (West Bengal Election Counting 2026)
প্রাথম রাউন্ডের গণনায় স্পষ্ট, রাজ্যে তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে রাউন্ড বাড়ার সঙ্গে সঙ্গে ফলাফলে বড় পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন নজর চূড়ান্ত ফলাফলের দিকেই ।








