মাঝে মাঝেই আকাশে জমছে কালো মেঘ। কোথাও দমকা হাওয়া, আবার কোথাও হালকা বৃষ্টি। পুজোর আগে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ফের বদলের ইঙ্গিত। উত্তর-পূর্ব বিহার থেকে ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত প্রায় ৯০০ মিটার উচ্চতায় একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার প্রভাবেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ( Weather Update )
কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা
আজ কলকাতা-সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও নদিয়ায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। এর জেরে কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় মূলত মেঘলা আকাশ থাকবে। দুপুর ও বিকেলের দিকে দু-এক পশলা বৃষ্টি নামতে পারে। ( Weather Update) আগামী কয়েক দিনও আংশিক মেঘলা আকাশ থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন, ৬ ও ৭ অক্টোবর দক্ষিণবঙ্গের পশ্চিম ও উত্তর দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রগর্ভ মেঘের সঙ্গে কোথাও দমকা হাওয়াও বইতে পারে। তবে প্রতিদিনই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ অক্টোবরের পর বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে পারে।
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের উপরেও তৈরি হয়েছে আবহাওয়ার বিশেষ পরিস্থিতি। প্রায় ৩.১ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বজ্রগর্ভ মেঘ, বিক্ষিপ্ত বৃষ্টি এবং দমকা হাওয়া চলতে পারে। এরপর সেখানেও ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। ( Weather Update)











