অন্ধকারে আমেরিকার ফ্লোরিডায় ফুটবল স্টেডিয়ামের কাছে চলল এলোপাথাড়ি গুলি। এই ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছে ছয়জন শিশু। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। শনিবার, ২৪ অক্টোবর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় এলাকায়। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ঘটনাটি ঘটেছে ফ্লোরিডা এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের (FAMU) ব্র্যাগ মেমোরিয়াল স্টেডিয়ামের কাছে। বিশ্ববিদ্যালয়ের হোমকামিং উইকএন্ড উপলক্ষে সেখানে ভিড় জমেছিল। একটি ফুটবল ম্যাচ শেষ হওয়ার পর রাত ৮টার কিছু আগে পেরি ও মানাটি স্ট্রিটের কাছে গুলি চালানোর ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, আহত ১২ জনের মধ্যে ১১ জনের শরীরে গুলি লেগেছে। অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। বাকি আটজনের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে খবর। (Shootout at Florida)
তালাহাসি পুলিশের প্রধান লরেন্স রেভেল জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গুলি চলার আগে কয়েকজনের মধ্যে ঝামেলা হয়েছিল। সেই বিবাদ থেকেই এই ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
ভাড়া মেটাতে না পেরে জাল নোট প্রিন্ট, নাগপুরে উদ্ধার চক্রের
রাতের সাংবাদিক বৈঠকে এই ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেন রেভেল। আহতদের ও তাঁদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে। তাঁর কথায়, কোনও পরিবারকেই এমন হিংসা, আতঙ্ক আর যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হওয়া উচিত নয়।
ঘটনার পর আহতদের উদ্ধার করতে গিয়ে যথেষ্ট সমস্যার মুখে পড়েন পুলিশকর্মী ও জরুরি পরিষেবার কর্মীরা। ঘটনাস্থলে প্রচুর মানুষের ভিড় থাকায় আহতদের কাছে পৌঁছনো কঠিন হয়ে পড়েছিল। পরিস্থিতি সামাল দিতে কয়েকজন পুলিশকর্মী আহতদের কোলে করে নিরাপদ স্থানে নিয়ে যান। উদ্ধারকাজ দ্রুত করতে ঘটনাস্থল থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার আবেদনও জানানো হয়।












