ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন—আর কত দিন চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যাবে (MS Dhoni) মহেন্দ্র সিং ধোনিকে? IPL-এ তাঁর ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলছে। এবার নিজেই সেই জল্পনায় ইন্ধন দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। আরও এক মরশুম খেলবেন কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার সম্ভাব্য সময়সীমাও স্পষ্ট করে জানিয়ে দিলেন তিনি। তবে সবটাই নির্ভর করছে তাঁর শারীরিক ক্ষমতার উপর।
ডিসেম্বরের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত?
বেঙ্গালুরুতে একটি স্বাস্থ্য সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন (MS Dhoni) ধোনি। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, আইপিএলে আরও একটি মরশুম খেলতে চান কি না। উত্তরে মজার ছলেই প্রাক্তন চেন্নাই অধিনায়ক জানান, চিকিৎসকের পরীক্ষা ও রিপোর্টের উপর নির্ভর করেই সিদ্ধান্ত নেবেন তিনি। ডিসেম্বরের আগে নিজের শারীরিক ক্ষমতা যাচাই করে দেখতে চান, আরও এক মরশুম খেলার মতো ফিট তিনি কি না।
‘পুরনো ভিন্টেজ গাড়ি’ উপমা ধোনির
(MS Dhoni) নিজের বয়স ও ফিটনেস নিয়ে রসিকতা করতেও ছাড়েননি মাহি। তিনি বলেন, “আমি যদি আর খেলতে না পারি, তা হলে চিকিৎসকদের নিশ্চিত করতে হবে, তাঁরা যেন সব কিছু ঠিকঠাক করেন এবং এই পুরনো ভিন্টেজ গাড়িটাকে রাস্তায় চলার মতো অবস্থায় রাখেন। তাই সব চাপ ওঁদের উপর।” ২০২৭ সালের IPL-এ ধোনির বয়স হবে প্রায় ৪৬ বছর। ফলে তাঁর ফিটনেসই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
চোটের জেরে ২০২৬-এর IPL হাতছাড়া
মূলত কাফ মাসলের সমস্যায় ২০২৬ সালের IPL-এর পুরো মরশুমেই খেলতে পারেননি ধোনি (MS Dhoni)। গত কয়েক বছরে চেন্নাইয়ের ব্যাটিং অর্ডারে তাঁর ভূমিকা অনেকটাই বদলেছে। ইনিংসের শেষ দিকে নেমে দ্রুত রান তোলাই ছিল তাঁর প্রধান দায়িত্ব।
সাফল্যের পরিসংখ্যানেও উজ্জ্বল মাহি
IPL-এ ২৭৮ ম্যাচে ৫,৪৩৯ রান করেছেন (MS Dhoni) ধোনি। গড় ৩৮.৩০, রয়েছে ২৪টি অর্ধশতরান। তাঁর নেতৃত্বে পাঁচ বার IPL এবং দু’বার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জিতেছে চেন্নাই সুপার কিংস। তবে ২০২৩ সালের পর আর খেতাব জেতেনি দল। ২০২৫ সালে শেষ স্থানে এবং ২০২৬ সালে অষ্টম স্থানে শেষ করেছে CSK। ২০২৪ সাল থেকে ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে দল প্রত্যাশিত সাফল্যও পায়নি। এখন দেখার, আরও একবার হলুদ জার্সিতে মাঠে নামেন কি না মাহি।
আইএফএ নির্বাচনে বদলাচ্ছে ভোটের অঙ্ক, সচিবের বদলে ক্ষমতার কেন্দ্রে সভাপতি












