---Advertisement---
lifezone nursing home

Noida Workers Protest: শ্রমিক বিক্ষোভে ভাঙচুর-আগুন নয়ডায়, সামলাতে হিমশিম অবস্থা পুলিশের

April 13, 2026 5:26 PM
Noida Workers Protest
---Advertisement---

সোমবার শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে উঠল উত্তরপ্রদেশের নয়ডা (Noida Workers Protest)। মজুরি বৃদ্ধির দাবিতে নয়ডার বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখান কয়েকশো শ্রমিক। পুলিশ সূত্রে খবর, নয়ডার ফেজ ২ ও সেক্টর ৬০ এলাকায় এই বিক্ষোভকে কেন্দ্র করে অগ্নিসংযোগ, ভাঙচুর ও পাথর ছোড়ার ঘটনা ঘটে। বিভিন্ন শিল্প ক্ষেত্রের বিপুল সংখ্যক শ্রমিক বহু দিনের বকেয়া বেতন সংশোধনের দাবিতে এ দিন রাস্তায় নামেন। স্লোগান তুলে আন্দোলন চললেও কিছুক্ষণ পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভকারীদের একটি অংশ ভাঙচুর শুরু করে, পাথর ছোড়ে এবং পুলিশে একটি গাড়িতে অগ্নিসংযোগও করা হয়।

সূত্রের খবর, নয়ডার এই অশান্তির নেপথ্যে আসল কারণ, প্রতিবেশী রাজ্য হরিয়ানার এক সিদ্ধান্ত। সম্প্রতি হরিয়ানা সরকার শ্রমিকদের ন্যূনতম বেতন একলাফে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এর ফলে হরিয়ানার একজন অদক্ষ শ্রমিক এখন মাসে অন্তত ১৫,২২০ টাকা বেতন পাবেন। নয়ডার শ্রমিকদের দাবি, তাঁদেরও একই হারে বেতন বাড়াতে হবে।

বিক্ষোভরত শ্রমিকদের দাবী, বর্তমানে তাঁরা কাজ করে মাসে ১৩ থেকে ১৫ হাজার টাকা বেতন পান, যা দিয়ে বর্তমান বাজারে সংসার চালানো অসম্ভব হয়ে উঠছে। এমন কী মাঝে মাঝে তাঁদের দিয়ে ১২ ঘণ্টার কাজও করানো হচ্ছে। তাঁদের দাবি, মাসিক বেতন অন্তত ২০,০০০ টাকা করতে হবে এবং ৮ ঘণ্টার শিফট চালু করতে হবে।

মহিলা শ্রমিকদের নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে ন্যূনতম সুযোগ-সুবিধার অভাব নিয়ে সরব হয়েছেন আন্দোলনকারীরা (Noida Workers Protest)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পুলিশ শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।

নয়ডার এই শ্রমিক আন্দোলনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই অশান্তির পিছনে কোনও গভীর ষড়যন্ত্র বা উস্কানি রয়েছে। শ্রমিকদের সম্মানজনক বেতন এবং সঠিক কাজের পরিবেশ দেওয়া কারখানা মালিকদের দায়িত্ব। পাশাপাশি প্রতিবাদের নামে সরকারি সম্পত্তি নষ্ট এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment