ভোটার পরিচয়পত্রে নামের অসঙ্গতির জেরে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছিল। আর সেই মানসিক চাপই শেষ পর্যন্ত প্রাণ গেল হুগলির এক বৃদ্ধার। এ নাম ছিল কিন্তু ভোট দিতে না পারার আশঙ্কা, তার সঙ্গে ‘দেশছাড়া’ হওয়ার ভয় এই দুই আতঙ্কের জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের। (West Bengal Election 2026)
মৃতার নাম রবি মাঝি, বয়স ৬৫ । বাড়ি হুগলির দাদপুর থানার আইমা সোমসারা গ্রামে। বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ চলছে এবং হুগলিতে দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। তার আগে বিভিন্ন এলাকায় বুথ লেভেল অফিসাররা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বুথ স্লিপ বিলি করছেন। অভিযোগ, সেই সময়ই নিজের স্লিপ না পেয়ে ভেঙে পড়েন রবিদেবী। (West Bengal Election 2026)
মৃতার ছেলে পল্টু মাঝি জানান, বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের একটি বাঁশবাগানে ঝুলন্ত অবস্থায় মায়ের দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, গত কয়েকদিন ধরেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৯৯৫ সালে তৈরি হওয়া প্রথম ভোটার কার্ডে তাঁর নাম ছিল ‘গায়ত্রী মাঝি’ এবং পরে আধার কার্ডে নাম হয় ‘রবি মাঝি’। সর্বশেষ ভোটার তালিকাতেও ‘রবি মাঝি’ নামই ছিল। কিন্তু নামের এই অসঙ্গতির জেরে এসআইআর শুনানিতে তাঁকে ডাকা হয়। পরিবারের অভিযোগ, সমস্ত নথি দেখানো হলেও শেষ পর্যন্ত নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়।
মৃতার বৌমা রুনু মাঝির কথায়, “শাশুড়ি বারবার বলছিলেন, নাম না থাকলে বাংলাদেশে পাঠিয়ে দেবে। বুধবার বিএলও বুথ স্লিপ দিয়ে গেলেও তাঁর স্লিপ ছিল না। তারপর থেকেই কান্নাকাটি করছিলেন।” পরিবারের আরও দাবি, তাঁরা বৃদ্ধাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে ভবিষ্যতে নাম ফের সংশোধন করা সম্ভব, কিন্তু তাতেও আতঙ্ক তার কাটেনি। (West Bengal Election 2026)
এই ঘটনা ফের প্রশ্ন তুলছে, ভোটার তালিকা সংশোধনের মতো প্রশাসনিক প্রক্রিয়ায় সাধারণ মানুষকে কতটা সচেতন করা হচ্ছে? গুজব এবং আতঙ্ক রুখতে প্রশাসনের আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলেই মনে করছেন অনেকেই।












1 thought on “West Bengal Election 2026: ভোটার তালিকা নাম নেই, ‘বাংলাদেশে পাঠিয়ে দেবে’, আতঙ্কে বৃদ্ধার চরম সিদ্ধান্ত”