কলকাতা হাই কোর্টের শো কজ নোটিস পাওয়ার ঠিক একদিনের মাথায় মাঝরাতে সামাজ মাধ্যমে দীর্ঘ পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ওই পোস্টে একাধিক বিস্ফোরক অভিযোগ তুললেন মমতা তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচার ব্যবস্থার প্রতি আস্থা প্রকাশ করলেও পশ্চিমবঙ্গ CID এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার একাংশের বিরুদ্ধে সরকারি নথিতে কারচুপি করে মিথ্যা ফৌজদারি মামলা সাজানোর অভিযোগ করেছেন তিনি।
উল্লেখ্য, বিচারপতিদের নিরপেক্ষতা নিয়ে মন্তব্যের জেরে বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ রাও, আদালত অবমাননার অভিযোগে শো কজ নোটিস পাঠান অভিষেককে। ১৫ দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে তাঁর কাছে। (Abhishek Banerjee CID Allegations)
এফআইআর ঘিরে প্রশ্ন, সিসিটিভি ফুটেজ সংরক্ষণের দাবি
অভিষেকের দাবি, ডায়মন্ড হারবার থানার ৩৭৪ নম্বর মামলাটি নথিতে ১৫ অগস্ট দায়ের হয়েছে বলে দেখানো হলেও, আসলে ১৬ অগস্ট এই মামলা সাজানোর পরিকল্পনা হয়। তাঁর অভিযোগ, ওই দিন সিআইডি আধিকারিক রাজা নস্কর, অভিযোগকারিণী সৈয়দা সাকিনা ইয়াসমিন, বিজেপি নেতা ভাস্কর মণ্ডল এবং থানার আইসি প্রসেনজিৎ করের মধ্যে বৈঠক হয়। সেখানেই অভিযোগপত্র তৈরি করে থানার প্রিন্টারে ছাপানো হয় বলে দাবি সাংসদের।
এই ঘটনার সত্যতা যাচাই করতে ১৬ অগস্টের সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ এবং আদালতের তত্ত্বাবধানে পরীক্ষা করার আবেদন জানিয়ে হাই কোর্টে মামলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
মাসুদ ও সুমিতকে নিয়ে কী অভিযোগ অভিষেকের?
সাংসদের আরও অভিযোগ, মাসুদ দফতারিকে গ্রেফতার করে সিআইডি আধিকারিকরা চাপ সৃষ্টি করে তাঁর আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে মিথ্যা বয়ান আদায়ের চেষ্টা করছেন। বর্তমানে মাসুদকে ডায়মন্ড হারবার থানায় রাখা হয়েছে। অন্যদিকে, সুমিতকে উস্তি থানা থেকে দু’টি জায়গায় নিয়ে গিয়েও তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ দেখাতে পারেনি পুলিশ বলে দাবি অভিষেকের। পরে তাঁকে মাসুদের সঙ্গে একই থানায় রাখা হয়। ১৫ অগস্টের মামলায় সুমিতকে জড়ানোর চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এছাড়াও মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদের প্রসঙ্গ টেনে অভিষেকের দাবি, গত ছয় মাসে তাঁকে পুলিশ একবারও ডাকেনি। কিন্তু বিরোধী শিবির ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সমর্থন করার পর থেকেই পুলিশি তৎপরতা বেড়েছে।
অভিষেকের অভিযোগ, এই ঘটনাগুলি সত্যি হলে রাজ্য পুলিশের একাংশের সঙ্গে বিজেপির কিছু নেতার আঁতাতের বিষয়টিও সামনে আসবে। তাই সিসিটিভি ফুটেজ, জেনারেল ডায়েরি, এফআইআর, কেস ডায়েরি এবং হেফাজত সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণের দাবি জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, পুলিশের উর্দি রাজনৈতিক প্রতিহিংসার লাইসেন্স হতে পারে না। সম্পূর্ণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য সামনে আসুক এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
সব মিলিয়ে, হাই কোর্টের শো কজ নোটিসের আবহেই অভিষেকের এই পোস্ট রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক উসকে দিল। এবার তাঁর তোলা অভিযোগের ভিত্তিতে তদন্তে কী উঠে আসে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।












