বৃষ্টি অনেক সময় শুধু রাস্তা ভাসায় না, ভাসিয়ে নিয়ে যায় মানুষের স্মৃতি, স্বপ্ন আর ভালোবাসাও। বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটের জনপ্রিয় বইয়ের দোকান ‘দ্য বুকওয়ার্ম’ (The Bookworm)-এর ছবি দেখে ঠিক সেই অনুভূতিই ছড়িয়ে পড়েছে বইপ্রেমীদের মনে। মেঝে জুড়ে জল, আর সেই জলের মধ্যে ভাসছে হাজার হাজার বই—যেন ডুবে যাচ্ছে অসংখ্য গল্প, চরিত্র, স্মৃতি আর আবেগ।
বুধবারের প্রবল বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে বেঙ্গালুরুর এই পরিচিত বুকস্টোর (The Bookworm) । দোকানের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, প্রায় ৪ হাজার থেকে ৫ হাজার বই নষ্ট হয়ে গিয়েছে। পোস্ট করা ছবিতে দেখা যায়, দোকানের ভিতরে হাঁটুসমান জল, তাক থেকে পড়ে যাওয়া বই ভেসে বেড়াচ্ছে জলের স্রোতে। গ্রীষ্মের ছুটির মরসুমে পাঠকদের চাহিদার কথা ভেবে কয়েকদিন আগেই অতিরিক্ত বই মজুত করা হয়েছিল। কিন্তু কয়েক ঘণ্টার বৃষ্টিতেই সবকিছু যেন এলোমেলো হয়ে গেল।
https://www.instagram.com/p/DXt2cVuj1EC/?utm_source=ig_web_copy_link
আর এই দৃশ্য দেখেই হঠাৎ যেন কলকাতার মানুষ ফিরে গেলেন কলেজ স্ট্রিটের স্মৃতিতে। বই শুধু কাগজ আর মলাট নয়। বই মানে স্মৃতি, আশ্রয়, একাকীত্বের সঙ্গী, জীবনের কঠিন সময়ে একটু আলো। বইপাড়া মানেই তো শুধু ব্যবসা নয়, একটা শহরের আত্মা। কলেজ স্ট্রিটে সেই চিরচেনা পুরনো বইয়ের গন্ধ, ফুটপাতের ছোট ছোট দোকান, মাথার উপর নীল-কালো ত্রিপল, বৃষ্টির দিনে বই বাঁচাতে দোকানিদের হুড়োহুড়ি —এসব শুধু দৃশ্য নয়, বাঙালির আবেগ। গত বছর প্রবল বৃষ্টিতে কলেজ স্ট্রিটের একাধিক দোকানে জল ঢুকে বহু বই নষ্ট হয়েছিল। তখনও এমনই বুকভাঙা ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেই সময় বইপ্রেমীরাই হয়ে উঠেছিলেন সবচেয়ে বড় ভরসা।
কেউ ভেজা বই কিনেছিলেন শুধুমাত্র দোকানিদের পাশে দাঁড়াতে। কেউ বন্ধুদের নিয়ে পৌঁছে গিয়েছিলেন ‘ওয়েট বুক ফেয়ার’-এ। অনেকে বলেছিলেন, “পাতা একটু ভিজতেই পারে, কিন্তু বইয়ের ভিতরের গল্প তো শুকনোই থাকে।” সেই আবেগ আজ আবার ফিরে এসেছে বেঙ্গালুরুর ঘটনায়।
(The Bookworm) ঠিক একই ছবি এবার দেখা গেল বেঙ্গালুরুতেও। সোশ্যাল মিডিয়ায় একের পর এক মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ‘দ্য বুকওয়ার্ম’-এর জন্য। কেউ লিখেছেন, “কলকাতার কলেজ স্ট্রিটও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। তখন পাঠকরাই বুকস্টোরগুলোকে বাঁচিয়েছিল।” আবার কেউ আবেদন করেছেন, “যদি প্রত্যেকে একটা করেও ভেজা বই কেনেন, তাহলে হয়তো একটা প্রিয় বুকস্টোর আবার দাঁড়িয়ে যেতে পারবে।” এই কথাগুলো পড়লে বোঝা যায়, বইয়ের সঙ্গে মানুষের সম্পর্কটা কত গভীর। একটা বইয়ের দোকান শুধু বই বিক্রি করে না। সেখানে তৈরি হয় সম্পর্ক, অভ্যাস, স্মৃতি। হয়তো কোনও ছাত্র প্রথম নিজের টাকায় সেখান থেকে বই কিনেছিল। হয়তো কোনও প্রেমের শুরু হয়েছিল বুকশেলফের সামনে দাঁড়িয়ে। হয়তো কোনও একাকী মানুষ বিকেলের পর বিকেল কাটিয়েছেন সেই দোকানের নীরবতায়।

দোকানের মালিক কৃষ্ণ জানিয়েছেন, যেসব বই এখনও কিছুটা বাঁচানো সম্ভব, সেগুলো রোদে শুকিয়ে পরে কম দামে বিক্রি করা হবে। তবে অনেক বই এতটাই ক্ষতিগ্রস্ত যে সেগুলো আর ফিরিয়ে আনা যাবে না। বিশেষ করে চকচকে পাতার কমিকস, যেমন ‘অ্যাস্টেরিক্স’ বা ‘ওবেলিক্স’, জলে ভিজে প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। (The Bookworm)
তবু এই ঘটনার মধ্যে একটা আশার ছবিও রয়েছে। কারণ বইপ্রেমীরা আবারও প্রমাণ করেছেন, বইয়ের প্রতি ভালোবাসা কোনও শহরের গণ্ডিতে আটকে থাকে না। কলকাতার কলেজ স্ট্রিট আর বেঙ্গালুরুর চার্চ স্ট্রিট, দুটো আলাদা শহর হলেও অনুভূতিটা এক। কারণ যারা বই ভালোবাসেন, তারা জানেন—একটা বই ভিজে যেতে পারে, মলাট নষ্ট হতে পারে, পাতা কুঁচকে যেতে পারে… কিন্তু বইকে ঘিরে মানুষের ভালোবাসা কখনও ডুবে যায় না।
ICSE ISC Results 2026: প্রকাশিত হলো ICSE এবং ISC পরীক্ষার ফলাফল, বাড়ল পাশের হার?: The Bookworm: প্রবল বৃষ্টিতে ভাসল বই, কলেজ স্ট্রিটের স্মৃতি ফিরল বেঙ্গালুরুতে, কঠিন সময়ে পাশে পাঠকরা










1 thought on “The Bookworm: প্রবল বৃষ্টিতে ভাসল বই, কলেজ স্ট্রিটের স্মৃতি ফিরল বেঙ্গালুরুতে, কঠিন সময়ে পাশে পাঠকরা”