বৈশাখের তীব্র গরমে কিছুটা লাগাম টানতে সক্রিয় হয়েছে ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা (Weather 2 May)। এপ্রিল পেরিয়ে মে মাসে ঢুকতেই আবহাওয়ার বদল স্পষ্ট। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বজ্রসহ ঝড়বৃষ্টির দাপট বজায় থাকবে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়েছে, আর আজ থেকে দক্ষিণবঙ্গেও তা আরও জোরদার হবে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল জলীয় বাষ্প ঢুকছে। ফলে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে রাজ্য জুড়ে।
আরও পড়ুন: ২ মে রাজ্যে পুনর্নির্বাচন, তালিকায় কোন কোন বুথ?
দক্ষিণবঙ্গের পূর্বাভাস
২ মে (শনিবার): বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও বজ্রবিদ্যুৎসহ ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
৩ মে (রবিবার): প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও বাঁকুড়ায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ৫০-৬০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে।
৪ মে (সোমবার): দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির দাপট থাকবে। বজ্রপাত ও ঝড়ো হাওয়ার গতি ৫০-৬০ কিমি পর্যন্ত হতে পারে। ওইদিন ভোটের ফল প্রকাশ—তবে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বিকেল বা সন্ধ্যায়।
৫ মে: বহু জায়গায় বৃষ্টি চলবে, দমকা হাওয়ার গতি থাকবে ৪০-৫০ কিমি।
৬-৭ মে: বৃষ্টির পরিমাণ কিছুটা কমে কয়েকটি জেলায় সীমাবদ্ধ থাকতে পারে।
আরও পড়ুন: বিপুল বাড়তে চলেছে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম
উত্তরবঙ্গের পূর্বাভাস
২ ও ৩ মে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সঙ্গে বজ্রপাত ও ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
৪ ও ৫ মে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে, যদিও ঝড়ের তীব্রতা কিছুটা কমতে পারে। ৬ ও ৭ মে পাহাড়ি জেলাগুলিতে আবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
সতর্কতা
আবহাওয়া দপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে বজ্রপাত ও দমকা হাওয়ার সময় খোলা জায়গা এড়িয়ে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।









