রাজ্যে ফের ভোট পরবর্তী হিংসার বলি। এবার মালদহে (Maldah Murder)। বিজেপি সমর্থককে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। নৃশংসভাবে হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপ মেরে খুন করা হয় ওই বিজেপি সমর্থককে। ঘটনার পর দীর্ঘ সময় ধরে পড়ে রইল দেহ। মালদার ইংরেজবাজার পুরসভার এক নম্বর ওয়ার্ডের গাদুয়া মোড় এলাকার ঘটনা। নিহত বিজেপি সমর্থকের নাম কিষাণ হালদার। বয়স ২৮ বছর।
পরিবার সূত্রে খবর, বুধবার রাতে কিষাণকে কয়েকজন ফোন করে ডাকে। এরপর বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে মহেশপুর বাগানপাড়া এলাকায় তার রক্তাক্ত দেহ পড়ে থাকার খবর পান তারা। এই ঘটনায় কিষাণের আরও দুই বন্ধু জখম হয়েছেন। তবে কি কারণে এই খুন তা এখনও জানা যায়নি।
পরিবারের অভিযোগের তির, প্রতিবেশী গোলাম হালদার তার ছেলে সুমন হালদার সহ বেশ কয়েকজনের দিকে। ঘটনাস্থলে দীর্ঘক্ষণ খুনে ব্যবহৃত বড় আকারের একটি হাঁসুয়া পড়ে থাকতে দেখা যায়। রক্তের দাগ সেই হাঁসুয়ায়।
ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ।
বিজেপির দাবি, এটা কোনও রাজনৈতিক খুন নয়। এলাকার কিছু যুবকের মধ্যে গোলমালের জের। শেষ খবর পাওয়া পর্যন্ত দুজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্তদের কোনও রাজনৈতিক পরিচিতি নেই।
বুধবার রাজ্যে একের পর এক ঘটনা ঘটেছে। তার মধ্যে সবচেয়ে আলোচ্য হলো শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে গুলি করে খুনের। এছাড়াও পানিহাটিতে বোমার আঘাতে জখম হয়েছেন কয়েকজন।









