মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য শিলিগুড়িতে। বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। শুক্রবার গভীর রাতে শিলিগুড়ির কদমতলা এলাকায় মেডিক্যাল আউটপোস্ট পুলিশের সঙ্গে যৌথ অভিযানে একটি মালবাহী লরি থেকে প্রায় ৮০০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য আনুমানিক ৪ কোটি টাকা বলে জানিয়েছেন তদন্তকারীরা। লরির চালক কুলদীপ সিংকে গ্রেফতার করা হয়েছে। (NCB Operation Assam)
এনসিবি সূত্রে জানা গিয়েছে, অসম থেকে বিপুল পরিমাণ গাঁজা শিলিগুড়ির করিডর ব্যবহার করে উত্তরপ্রদেশে পাচারের পরিকল্পনা করা হয়েছে বলে আগে থেকেই গোপন সূত্রে খবর ছিল। সেই তথ্যের ভিত্তিতেই কদমতলা এলাকায় নজরদারি শুরু করে এনসিবি ও পুলিশ। শুক্রবার গভীর রাতে একটি হরিয়ানা নম্বরের মালবাহী লরিকে সন্দেহ হওয়ায় সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। (NCB Operation Assam)
প্রথমে লরির ভিতরে বিশেষ কিছু না মিললেও পরে চালকের কেবিনে অত্যন্ত কৌশলে তৈরি একটি গোপন চেম্বারের সন্ধান পান তদন্তকারীরা। সেই চেম্বার খুলতেই বেরিয়ে আসে একের পর এক গাঁজার প্যাকেট। মোট প্রায় ৮০ টি প্যাকেট থেকে প্রায় ৭ থেকে ৮ কুইন্টাল গাঁজা উদ্ধার হয়। পরে ওজন করে দেখা যায় মোট পরিমাণ প্রায় ৮০০ কেজি।
ধৃত চালক কুলদীপ সিং জেরায় জানিয়েছে, সে অসমের উডালগুড়ি থেকে মাল নিয়ে উত্তরপ্রদেশের আজমগড়ের দিকে যাচ্ছিল। তার কথায়, “আমি উডালগুড়ি, আসাম থেকে আসছি এবং ইউপির আজমগড়ে মাল নিয়ে যাচ্ছি। এতে প্রায় ৭ থেকে ৮ কুইন্টাল মাল আছে।” তদন্তকারীদের অনুমান, শিলিগুড়িকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করেই এই বিপুল মাদকের চালান পাচার করা হচ্ছিল। (NCB Operation Assam)
এনডিপিএস আইনের একাধিক ধারায় মামলা রুজু করে শনিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং এর পিছনে বড় কোনও আন্তঃরাজ্য নেটওয়ার্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে এনসিবি।
গত ২৪ ঘণ্টায় এটি এনসিবির দ্বিতীয় বড় সাফল্য। এর আগেই প্রধাননগরের নর্মদা বাগান এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০ লক্ষ টাকার হাইড্রোপনিক গাঁজা-সহ বিভিন্ন মাদক উদ্ধার করেছিল তদন্তকারীরা। সেই ঘটনায় এক কম্পিউটার ইঞ্জিনিয়ার-সহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছিল। (NCB Operation Assam)
আসানসোলে পুলিশ ফাঁড়িতে হামলা, CCTV দেখে গ্রেফতার ২১










2 thoughts on “চালকের কেবিনে গোপন চেম্বার, সেখান থেকেই উদ্ধার ৮০০ কেজি গাঁজা”