বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের জমা দেওয়া চিঠিতে একাধিক বিধায়কের স্বাক্ষর নিয়ে বিতর্কের জেরে তদন্তে নেমেছে CID। সেই সূত্রেই শনিবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের হরিশ মুখার্জি রোডের ১৮৮A, ‘শান্তিনিকেতন’ আবাসনে পৌঁছন CID আধিকারিকেরা। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আর এই আবহেই বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন (Tapas Roy Reaction) মানিকতলা কেন্দ্রের বিজেপি বিধায়ক তাপস রায়।
দুপুর দেড়টা নাগাদ CID-র পাঁচ সদস্যের একটি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায়। সূত্রের খবর, বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেকে জমা দেওয়া একটি চিঠিতে প্রায় ৭০ জন বিধায়কের স্বাক্ষরের মধ্যে ‘অসঙ্গতি’ পাওয়া গিয়েছে বলে অভিযোগ। সেই অভিযোগের তদন্তেই CID সক্রিয় হয়েছে। তদন্তে সহায়তা করছে কলকাতা পুলিশও।
এর আগে এই মামলার তদন্তে চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম এবং ডোমজুড়ের বিধায়ক তাপস মাইতির বাড়িতেও গিয়েছিলেন CID আধিকারিকেরা। জানা গিয়েছে, বিধানসভার সচিবালয়ের পক্ষ থেকে হেয়ার স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। প্রথমে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ তদন্ত শুরু করলেও পরে মামলার তদন্তভার CID-র হাতে তুলে দেওয়া হয়।
এই ঘটনার প্রেক্ষিতে হিন্দুস্তান নিউজ পয়েন্টকে দেওয়া এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় (Tapas Roy Reaction) মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায় বলেন, “আমি যতদূর জানি, কোনও একটা চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে সই করেছিলেন। তদন্তকারী সংস্থা তাঁকে তলব করতেই পারে, নোটিশ ধরাতেই পারে। তদন্ত চলছে।”
আরও পড়ুন: মঙ্গলে পথে মমতা, ‘আক্রান্ত’ তৃণমূলকর্মীদের সঙ্গে দেখা করতে যাবেন অভিষেক
(Tapas Roy Reaction) স্বাক্ষর জালিয়াতির অভিযোগকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করে তাপস রায় বলেন, “এই বিধায়কদের সই জাল করছে অন্য কেউ—এটা তো ভয়ঙ্কর ব্যাপার। অভিযোগ প্রমাণিত হলে বাইরের কেউ করে থাকলে তার শাস্তি হবে। আর যদি কোনও বিধায়ক নিজেই এই কাজ করে থাকেন, তাহলে তাঁর সদস্যপদ বাতিল হওয়া উচিত। আইনে যে শাস্তির বিধান রয়েছে, সেটাই হওয়া উচিত।”
তবে এই ইস্যুকে বিজেপির রাজনৈতিক বিষয় হিসেবে দেখতে নারাজ তাপস রায়। (Tapas Roy Reaction) তাঁর বক্তব্য, “এটা বিজেপির বিষয়ই নয়। এটা স্পিকার, স্পিকারের অফিস, প্রিন্সিপাল সেক্রেটারি এবং বিধানসভার নিয়ম-কানুনের বিষয়। যদি কারও সই নিয়ে সন্দেহ তৈরি হয় এবং তা বিধানসভার নথিভুক্ত স্বাক্ষরের সঙ্গে না মেলে, তাহলে তদন্ত হওয়াটাই স্বাভাবিক।”
এখানেই থেমে থাকেননি বিজেপি বিধায়ক। (Tapas Roy Reaction) তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, “পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা বিরল। আগে কখনও শুনিনি। দেশের অন্য কোনও বিধানসভাতেও এমন ঘটনা ঘটেনি। আসলে তৃণমূল নেই তো! পশ্চিমবঙ্গে আগে তৃণমূল ছিল না, আর দেশের অন্য বিধানসভাগুলোতেও তৃণমূল নেই। তাহলে এমন ঘটনা ঘটত কী করে?”
বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে তদন্ত যত এগোচ্ছে, ততই রাজনৈতিক চাপানউতোর বাড়ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID-র উপস্থিতির পর সেই বিতর্কে নতুন মাত্রা যোগ হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: অভিষেকের শান্তিনিকেতনে CID, দরজা খোলা নিয়ে বচসা, তর্কাতর্কি










1 thought on “বিধানসভার সই বিতর্ক কাণ্ডে তৃণমূলকে কটাক্ষ তাপস রায়ের, ‘তৃণমূল না থাকলে এমন ঘটনাই ঘটত না’”