জইশ-ই-মহম্মদের (JeM) সঙ্গে যোগের অভিযোগে মধ্যপ্রদেশের দেওয়াস থেকে এক যুবককে গ্রেফতার করল গুজরাট অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (ATS)। ধৃতের নাম বিলাল দুরানি মহম্মদ আম্মার ঘাঘা ওরফে আবু দুজানা (১৮)। গুজরাট ATS-এর দাবি, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত একটি মডিউলের সদস্য সে। এই মামলায় যৌথ অভিযানে এখনও পর্যন্ত মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। (Gujarat ATS Jaish-e-Mohammed Arrest)
বৃহস্পতিবার গভীর রাতে গুজরাট ATS-এর একটি দল মধ্যপ্রদেশের দেওয়াস শহরের নাহার দরওয়াজা এলাকার গফুর বস্তিতে পৌঁছায়। স্থানীয় পুলিশের উপস্থিতিতে বিলালের পরিবারের সদস্যদের প্রায় আধঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর তাকে আটক করা হয়। পরে দেওয়াস পুলিশের মাধ্যমে অভিযুক্তকে গুজরাট ATS-এর হাতে তুলে দেওয়া হয়। (Gujarat ATS Jaish-e-Mohammed Arrest)
দেওয়াসের পুলিশ সুপার পুনীত গেহলত গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর বক্তব্য, গুজরাট ATS একটি নির্দিষ্ট সন্দেহভাজনের খোঁজে এসেছিল। আইনি প্রক্রিয়া মেনেই অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত এখন গুজরাট ATS-ই চালাচ্ছে। (Gujarat ATS Jaish-e-Mohammed Arrest)
তদন্তকারী সংস্থার দাবি, গোপন সূত্রে খবর পাওয়ার পর প্রযুক্তিগত নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একযোগে অভিযান চালানো হয়। গুজরাটের বানাসকাঁঠা, মেহসানা, পাটন, নওসারি এবং মধ্যপ্রদেশের দেওয়াস-সহ মোট পাঁচটি জায়গায় তল্লাশি চালিয়ে আটজনকে গ্রেফতার করা হয়েছে। ATS-এর অভিযোগ, অভিযুক্তরা “দারুল ইসলাম গুজরাট জইশ-ই-মহম্মদ” নামে একটি সংগঠন গড়ে নতুন সদস্য সংগ্রহের চেষ্টা করছিল।
এছাড়াও তদন্তে উঠে এসেছে, ধৃতদের পাকিস্তানভিত্তিক দুই হ্যান্ডলার আবদুল্লাহ ও মহম্মদ উমরের সঙ্গে যোগাযোগ ছিল। তদন্তকারীদের দাবি, প্রায় ৩ লক্ষ টাকা অর্থসাহায্য এই মডিউলের কাছে পৌঁছেছিল, যার একটি অংশ দিয়ে একটি পুরনো গাড়ি কেনা হয়। পাশাপাশি জইশ-ই-মহম্মদের প্রচারসামগ্রী গুজরাটি ভাষায় অনুবাদ করে উগ্রপন্থী মতাদর্শ ছড়ানোরও অভিযোগ উঠেছে। (Gujarat ATS Jaish-e-Mohammed Arrest)
তল্লাশিতে এক অভিযুক্তের মোবাইল ফোন থেকে ২৫৪টি জিহাদি নথি, অডিও-ভিডিয়ো, ছবি এবং জইশ-ই-মহম্মদের পতাকা উদ্ধার হয়েছে বলে দাবি ATS-এর। এছাড়া মাসুদ আজহারের লেখা বই, উর্দু ভাষায় লেখা চিঠি এবং গুজরাটিতে অনূদিত জিহাদি সাহিত্যও বাজেয়াপ্ত করা হয়েছে। এই সমস্ত প্রমাণের ভিত্তিতে আট অভিযুক্তের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (UAPA)-সহ ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৬১ ও ১৪৮ ধারায় মামলা দায়ের করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে গুজরাট ATS। (Gujarat ATS Jaish-e-Mohammed Arrest)
আরও পড়ুন :- এক ট্যাপেই বন্ধ হচ্ছিল ই-রিকশা, অপব্যবহারের অভিযোগে ৭ অ্যাপ সরাল কেন্দ্র






