থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী Air India র একটি বিমানে মাঝ আকাশে প্রবল টার্বুলেন্সের জেরে বেশ কয়েকজন যাত্রী ও বিমানকর্মী আহত হলেন। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। তবে নিরাপদেই দিল্লি বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। আহতদের বিমানবন্দরের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। (Air India)
Air India র AI2379 নম্বরের বিমানটি ফুকেট থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল। উড়ানের মাঝপথে হঠাৎ প্রবল টার্বুলেন্সের মুখে পড়ে বিমানটি। এর জেরে কিছুক্ষণের জন্য বিমানের উচ্চতায় পরিবর্তন হয়। সেই সময় কয়েকজন যাত্রী এবং কেবিন ক্রু সামান্য আহত হন। (Air India)
নিরাপদে দিল্লিতে অবতরণ
Air India জানিয়েছে, টার্বুলেন্সের ঘটনাটি অল্প সময়ের জন্য হলেও তার প্রভাব পড়েছিল বিমানের ভিতরে। তবে পাইলট পরিস্থিতি সামলে নিরাপদে দিল্লিতে বিমান নামান। সব যাত্রী ও বিমানকর্মী নিরাপদে বিমান থেকে নেমেছেন। এখনও পর্যন্ত কোনও গুরুতর আহতের খবর নেই। যাঁদের চোট লেগেছে, তাঁদের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দিল্লি বিমানবন্দরে ঘটনার পর একাধিক অ্যাম্বুল্যান্স মোতায়েন করা হয়। কয়েকজন যাত্রীকে হুইলচেয়ারে করে বাইরে আনা হয়। কারও মাথায় ব্যান্ডেজও দেখা যায়। পরে তাঁদের চিকিৎসার জন্য বিমানবন্দরের মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। (Air India)
যাত্রীর দাবি, ১৫ থেকে ২০ জন আহত
বিমান থেকে নামার পর এক যাত্রী জানান, উড়ানের প্রায় দেড় ঘণ্টা পর ঘটনাটি ঘটে। তখন ভোর হওয়ায় অনেকেই ঘুমিয়ে ছিলেন। আচমকা বিমানটি একদিকে কাত হয়ে প্রবলভাবে কাঁপতে শুরু করে। এই পরিস্থিতি প্রায় দুই থেকে তিন মিনিট স্থায়ী হয়।
ওই যাত্রীর দাবি, ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। এক শিশুও চোট পেয়েছে বলে তিনি জানান। তাঁর নিজের কোমরে আঘাত লেগেছে। তাঁর ভাইয়ের কাঁধ ও পিঠেও চোট রয়েছে। তবে আহতের প্রকৃত সংখ্যা ও ঘটনার বিস্তারিত মেডিকো-লিগ্যাল রিপোর্টের পরই স্পষ্ট হবে।(Air India)
Air India জানিয়েছে, আহত যাত্রী ও বিমানকর্মীদের সবরকম সহায়তা করা হচ্ছে। পাশাপাশি ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে বিমান সংস্থা।
আরও পড়ুন :- আমেরিকায় চাকরি করতে বিদেশি পড়ুয়াদের দিতে হতে পারে ১ লক্ষ ডলার! ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাবে উদ্বেগ










