রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

উত্তরাখণ্ডেই পাকাপাকি ঠিকানা চান, উপহার চেয়ে মুখ্যমন্ত্রীকে আবেদন পন্থের

Published on: August 8, 2026
Rishabh Pant
---Advertisement---

দিল্লির ব্যস্ত জীবন ছেড়ে এবার নিজের রাজ্য উত্তরাখণ্ডেই পাকাপাকি ঠিকানা গড়ে তুলতে চান ভারতীয় ক্রিকেট দলের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। নিজের রাজ্যে জমি কিনে বাড়ি তৈরি করার ইচ্ছা দীর্ঘদিনের। কিন্তু উপযুক্ত জমি খুঁজে না পাওয়ায় শেষ পর্যন্ত সরাসরি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির দ্বারস্থ হন তিনি। আর পন্থের সেই আবেদনের জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

ঘটনাটির সূত্রপাত শনিবার গভীর রাতে। এদিন সমাজমাধ্যমে একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী ধামির কাছে সাহায্যের আবেদন জানান পন্থ। রাত ১২টা ৪৬ মিনিট নাগাদ ‘এক্স’-এ করা সেই পোস্ট মুহূর্তের মধ্যেই নজর কাড়ে ক্রিকেটপ্রেমীদের। সেখানে পন্থ জানান, দিল্লি থেকে নিজের বসবাস উত্তরাখণ্ডে সরিয়ে আনতে চান তিনি। সেই লক্ষ্যেই বেশ কিছুদিন ধরে রাজ্যে উপযুক্ত জমির সন্ধান করছেন। কিন্তু এখনও তাঁর পছন্দমতো জায়গা পাননি। (Rishabh Pant X Post)

পন্থ তাঁর পোস্টে জানান, তিনি উত্তরাখণ্ডেরই মানুষ এবং নিজের রাজ্যের প্রতি তাঁর গভীর টান রয়েছে। তাই ভবিষ্যতে নিজের মানুষদের কাছে ফিরে এসে সেখানে থাকতে এবং রাজ্যের জন্য কিছু করতে চান। সেই কারণেই উপযুক্ত জমি খুঁজে পেতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

পন্থকে ‘উত্তরাখণ্ডের গর্ব’ বলে উত্তর দিলেন ধামি

ক্রিকেটারের এই আবেদনে দ্রুত সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও। পন্থকে উত্তরাখণ্ডের গর্ব বলে উল্লেখ করে তিনি জানান, ক্রিকেটের মঞ্চে তাঁর অসাধারণ সাফল্যের মাধ্যমে তিনি দেশের পাশাপাশি গোটা বিশ্বের কাছে উত্তরাখণ্ডের নাম উজ্জ্বল করেছেন।ধামি আরও বলেন, নিজের মাতৃভূমির প্রতি পন্থের ভালোবাসা এবং উত্তরাখণ্ডে ফিরে এসে রাজ্যের জন্য কাজ করার ইচ্ছা প্রশংসনীয়। পন্থ যে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি সেটি নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। খুব শীঘ্রই আধিকারিকরা পন্থের সঙ্গে যোগাযোগ করবেন এবং নিয়ম মেনে তাঁকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে—এমনই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Rishabh Pant X Post: উত্তরাখণ্ডের সঙ্গে পন্থের পুরনো সম্পর্ক

ঋষভ পন্থের জন্ম উত্তরাখণ্ডের রুরকিতে। ক্রিকেটজীবনে দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেললেও নিজের শিকড়ের সঙ্গে তাঁর সম্পর্ক ভোলেননি। ২০২২ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তাঁকে উত্তরাখণ্ডের স্পোর্টস ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করেছিলেন।

এছাড়া ২০২৩ সালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়ও মুখ্যমন্ত্রী ধামি পন্থের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজ নিয়েছিলেন। সেই সময় পন্থকে দুর্ঘটনার পর উদ্ধার করা হরিয়ানা রোডওয়েজের বাসচালক ও কর্মীদের সম্মানিত করার কথাও জানিয়েছিলেন ধামি। ফলে পন্থের সাম্প্রতিক জমি সংক্রান্ত আবেদনকে তাঁর উত্তরাখণ্ডের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কেরই আরও একটি বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন অনেকে।

‘এনকাউন্টার নয়, বিচার হোক আইনি পথেই’, বারুইপুর কাণ্ডে স্পষ্ট বার্তা জাতীয় মহিলা কমিশনের

IPL-এ ফের পুরনো দলে পন্থ

এদিকে ক্রিকেটের মাঠেও পন্থের পরবর্তী পদক্ষেপ নিয়ে বড় পরিবর্তন এসেছে। চলতি বছরের জুনে ২০২৭ সালের আইপিএল নিলামের আগেই লখনউ সুপার জায়ান্টস থেকে তাঁর পুরনো দল দিল্লি ক্যাপিটালসে ফিরে গিয়েছেন তিনি। এই চুক্তিতে দিল্লি ক্যাপিটালস পন্থকে ১৫ কোটি টাকায় দলে নেয়, আর বিনিময়ে লখনউ সুপার জায়ান্টস পায় স্পিনার কুলদীপ যাদব এবং ১৩.৫ কোটি টাকা।

একদিকে ক্রিকেটে পুরনো ঠিকানায় প্রত্যাবর্তন, অন্যদিকে ব্যক্তিগত জীবনে নিজের জন্মভূমি উত্তরাখণ্ডে জমি কেনার ইচ্ছা—দুই দিক থেকেই পন্থের সাম্প্রতিক সিদ্ধান্তে যেন নিজের শিকড়ের কাছে ফিরে যাওয়ার বার্তাই স্পষ্ট হচ্ছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “উত্তরাখণ্ডেই পাকাপাকি ঠিকানা চান, উপহার চেয়ে মুখ্যমন্ত্রীকে আবেদন পন্থের”

Leave a Comment