রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Audi Accident at Jaipur: রাতের শহরে বেপরোয়া গাড়ির তান্ডব, মৃত ১, আহত বহু

Published on: January 10, 2026
---Advertisement---

রাজস্থানের রাজধানী জয়পুরে শুক্রবার গভীর রাতে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির, আহত কমপক্ষে ১৫ জন। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে যায়, তাতেই এই ঘটনা ঘটে। অভিযোগ গাড়ির চালক মদ্যপ ছিলেন। গোটা ঘটনাটি ধরা পড়েছে আশপাশের সিসিটিভি ক্যামেরায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়পুরের মনসারোবর এলাকার খারাবাস সার্কেল সংলগ্ন ব্যস্ত রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুত গতিতে এসে Audi গাড়িটি প্রথমে একটি ডিভাইডারে ধাক্কা মারে, তারপর নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে যায়। সেখানে প্রায় ৩০ মিটার এগিয়ে গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা পথচারী, খাবারের স্টল ও পার্ক করা গাড়িতে ধাক্কা মারে।

এই ঘটনায় গুরুতর আহত হওয়া এক ব্যক্তি যিনি ভিলওয়াড়া জেলার বাসিন্দা, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জয়পুরের সোয়াই মান সিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লেগেছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িতে মোট চারজন ছিলেন এবং চালকসহ সবাই মদ্যপ অবস্থায় ছিলেন বলে সন্দেহ। ঘটনার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে বাকি তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাড়িটির চালক রাজস্থানের চুরুর বাসিন্দা দীনেশ রানওয়ানকে শনাক্ত করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গাড়িটি সিজ করা হয়েছে এবং পুলিশ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। অভিযুক্ত চালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ও অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করা হয়েছে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং আহতদের যাতে সঠিক চিকিৎসা দেওয়া হয়, তা নিশ্চিত করার জন্য কর্তাদের নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিং খিমসারও আহতদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে হাসপাতালে যান।

এই মর্মান্তিক ঘটনা আবারও শহুরে রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ভয়াবহ পরিণতি সামনে নিয়ে এল। প্রশাসন ও পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ট্রাফিক নিয়ম মেনে চলা এবং সচেতনতার প্রয়োজনীয়তা যে কতটা জরুরি, তা ফের একবার প্রমাণিত হল।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment