পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। হাসপাতালের গাইনোকলজি বিভাগে আগুন লেগে পুড়ে মৃত্যু হলো ১৫ জন সদ্যোজাত শিশুর। বুধবার সকালে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে (PIMS) এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এয়ার কন্ডিশনারের কম্প্রেসরে বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত।
Pakistan Hospital Fire: ওয়ার্ডে ছিল ১৬ শিশু, বাঁচানো গেল মাত্র একজনকে
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এর খবর অনুযায়ী, বুধবার সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ হাসপাতালের তিনতলায় থাকা মাতৃ ও শিশু চিকিৎসা বিভাগে আগুন লাগে। সেই সময় সেখানে মোট ১৬ জন সদ্যোজাত শিশু ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১৪টি শিশুর দেহ সম্পূর্ণ পুড়ে গিয়েছে। পরবর্তীতে আরও এক শিশুর মৃত্যুর খবর মেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৫।
পোল্ট্রি খরচেও থাবা ইথানলের? ফের বাড়তে পারে ডিমের দাম
আগুন নিয়ন্ত্রণে দমকল, ঘটনার তদন্তের নির্দেশ
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। আগুন নেভানোর কাজে ছয়টি দমকলের ইঞ্জিন এবং চারটি অ্যাম্বুল্যান্স ব্যবহার করা হয়। তবে আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে উদ্ধারকারী দলকে জানলার কাচ ভেঙে নার্সারিতে ঢুকতে হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া উদ্ধারকাজের ভিডিয়োতেও দেখা যায়, দমকলকর্মীরা ভাঙা জানলা দিয়ে ভিতরে ঢুকে শিশুদের উদ্ধারের চেষ্টা করছেন। বেশ কিছুক্ষণের চেষ্টা পরে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। (Pakistan Hospital Fire)
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি এই মর্মান্তিক ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগুন ঠিক কীভাবে লাগলো এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখবে এই কমিটি।












