নন্দীগ্রামে শুভেন্দুর ছেড়ে যাওয়া আসনে কাকে প্রার্থী করবে বিজেপি? তা নিয়ে চলছে জোর জল্পনা। বহু চর্চিত এই আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিজেপির অন্দরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসি রথের নাম উঠে আসছে। আর এই জল্পনার মাঝেই চন্দ্রনাথ রথের (Chandranath rath mother) মা হাসি রথ জানান, “দায়িত্ব পেলে শেষ রক্তবিন্দু দিয়ে দায়িত্ব পালন করব”।
Chandranath rath mother: কী বললেন চন্দ্রনাথের মা?
তিনি (Chandranath rath mother) বলেন, “প্রার্থীর ব্যপারে যে জল্পনা তৈরি হয়েছে, সেটা জল্পনার জায়গাতেই রয়েছে। সুশৃঙ্খল দল কেন্দ্র, রাজ্য আলোচনার মাধ্যমে জল্পনার যদি কোনও অবসান হয়, তখন প্রার্থী নিয়ে ভাবা যাবে। আমার বড় ছেলে মারা যাওয়ার পরে মুখ্যমন্ত্রীই আমার অভিভাবক। তিনি যদি কোনও দায়িত্ব দেন, আমি মাথা পেতে নেব। আমার শেষ রক্ত বিন্দু পর্যন্ত যতক্ষণ স্পন্দন থাকবে আমি চেষ্টা করব নন্দীগ্রামের মানুষের জন্য কাজ করতে।”
নির্বাচন কমিশন নন্দীগ্রামের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার পর থেকেই পদ্মশিবিরে শুরু হয়েছে রণকৌশল তৈরির পর্ব। সম্প্রতি রেয়াপাড়ার বিধায়ক কার্যালয়ে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে একটি রুদ্ধদ্বার বৈঠক হয়। সূত্রের খবর, সেই বৈঠকেই প্রার্থী পদের দৌড়ে কয়েকজন নেতার পাশাপাশি হাসি রথের নাম গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়েছে (Chandranath rath mother)।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফলাফলের পরপরই মে মাসে আততায়ীদের গুলিতে নিহত হন শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের ছায়াসঙ্গী ও আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। চন্দ্রনাথের মা হাসি রথ নিজেও দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁকে নির্বাচনী ময়দানে নামিয়ে দল যেমন চন্দ্রনাথের বলিদানের প্রতি শ্রদ্ধা জানাতে চায়, তেমনই নন্দীগ্রামের মানুষের সহানুভূতি ও আবেগকে কাজে লাগানো সম্ভব হবে বলে মনে করছে নেতৃত্বের একাংশ।
তবে কেবল হাসি রথই নন, বিজেপির সম্ভাব্য প্রার্থীর তালিকায় আরও কয়েকটি নাম ঘুরপাক খাচ্ছে। তমলুক সাংগঠনিক জেলা বিজেপি এবং স্থানীয় স্তরে সক্রিয় অঞ্জন ভারতী, মেঘনাদ পাল ও প্রলয় পালের মতো সংগঠনের পরিচিত মুখও আলোচনার তালিকায় রয়েছে।










