শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত ছবি ও ভিডিয়ো (CSAM) সংক্রান্ত রিপোর্ট এবার সরাসরি ভারত সরকারের কাছে পাঠাবে Google। এত দিন এই ধরনের অভিযোগ প্রথমে আমেরিকার একটি স্বেচ্ছাসেবী সংস্থা NCMEC-এর মাধ্যমে সংশ্লিষ্ট দেশের পুলিশের কাছে পৌঁছত। নতুন ব্যবস্থায় সেই ধাপ এড়িয়ে সরাসরি ভারত সরকারে রিপোর্ট পাঠানো হবে। গত সপ্তাহে একই ধরনের পদক্ষেপ করেছে Meta-ও। (Google CSAM Reporting)
NCMEC-এর মাধ্যমে চলত রিপোর্টিং
এত দিন Google এবং Meta-র মতো প্রযুক্তি সংস্থাগুলি শিশু নির্যাতন সংক্রান্ত সন্দেহজনক বিষয় ন্যাশনাল সেন্টার ফর মিসিং এন্ড এক্সপ্লাইটেড চিলড্রেন (NCMEC)-এর কাছে জানাত। আমেরিকাভিত্তিক এই সংস্থার CyberTipline নামের অনলাইন ব্যবস্থার মাধ্যমে রিপোর্ট সংশ্লিষ্ট দেশের পুলিশের কাছে পাঠানো হতো। ভারতীয় আধিকারিকদের অভিযোগ, এই প্রক্রিয়ায় রিপোর্ট পৌঁছতে বেশ অনেকটাই দেরি হতো। কোনও শিশু তাৎক্ষণিক বিপদের মধ্যে থাকলে এই দেরি হওয়াটা পরিস্থিতিকে আরও জটিল করে তুলত।
ভারত সরকারের চাপ
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভারতীয় আধিকারিকরা Google, Microsoft-সহ একাধিক সংস্থার সঙ্গে রিপোর্টিং ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। তাঁদের বক্তব্য, NCMEC-এর মাধ্যমে রিপোর্ট পাঠানোর কারণে স্থানীয় পুলিশের কাছে তথ্য পৌঁছতে অতিরিক্ত সময় লাগছে। Google-এর এক মুখপাত্র জানিয়েছেন, শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত উপাদান শনাক্ত করা, প্রতিরোধ, সরানো এবং রিপোর্ট করার ক্ষেত্রে সংস্থাটি উল্লেখযোগ্য বিনিয়োগ করে। ভারতের সরকারের সঙ্গে চলা আলোচনার অংশ হিসাবেই নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। (Google CSAM Reporting)
বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ
২০২৫ সালে CyberTipline-এ বিশ্বজুড়ে শিশু নির্যাতন সংক্রান্ত সন্দেহজনক বিষয়ের ২ কোটি ১১ লক্ষেরও বেশি রিপোর্ট জমা পড়ে। এই পরিস্থিতিতে দ্রুত রিপোর্টিংয়ের জন্য প্রযুক্তি সংস্থাগুলির উপর চাপ বাড়ছে।
ভারতের পদক্ষেপে বদল আসবে কি?
Facebook ও YouTube ব্যবহারকারীর সংখ্যার নিরিখে ভারত Meta এবং Google-এর গুরুত্বপূর্ণ বাজার। গত মাসে Meta-র CEO মার্ক জাকারবার্গের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পরেও ভারতে শিশু নির্যাতন সংক্রান্ত বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। অন্য দেশগুলিও একই পদ্ধতি অনুসরণ করবে কি না, তা এখনও স্পষ্ট নয়।(Google CSAM Reporting)













1 thought on “শিশুকে হেনস্থা করলেই নিস্তার নেই, সরাসরি সরকারকে জানাবে Google”
Comments are closed.