মোবাইলে কয়েকটি ক্লিক। পছন্দের খাবার অর্ডার। কিছুক্ষণের মধ্যেই দরজায় পৌঁছে যাচ্ছে প্যাকেট। কিন্তু সেই প্যাকেটের গায়ে থাকা তথ্যই যদি বিভ্রান্তিকর হয়? অনলাইনে যে খাবার কিনছেন, তার দাবি বা উপাদান নিয়ে যদি নিয়ম না মানা হয় তাহলে এবার সেই প্রশ্নেই বড় পদক্ষেপ করল ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। আমাজন , ইনস্টমার্ট , বিগবাস্কেট , ফ্লিপকার্ট ইন্ডিয়া এবং জেপ্টো-র বিরুদ্ধে একাধিক অভিযোগে শুরু হয়েছে পেনাল অ্যাকশন । (FSSAI Action)
হ্যাপিলো-র পণ্যে নজর
FSSAI-এর নজরে এসেছে জেপ্টো-তে বিক্রি হওয়া হ্যাপিলো প্রিমিয়াম ডেট বিটস – যেস্টি অরেঞ্জ । পণ্যটির কিছু দাবি এবং তথ্য বিভ্রান্তিকর বলে জানিয়েছে খাদ্য নিয়ন্ত্রক সংস্থা। প্রযোজ্য খাদ্য নিরাপত্তা বিধি মেনে সেই তথ্য দেওয়া হয়নি বলেও অভিযোগ। এই ঘটনায় আমাজন সেলার সার্ভিস , ফ্লিপকার্ট ইন্ডিয়া , সুইগি ইনস্টমার্ট , জেপ্টো মার্কেটপ্লেস এবং বিগবাস্কেট -এর ইনোভেটিভ রিটেল কনসেপ্টস -এর বিরুদ্ধে পদক্ষেপ শুরু হয়েছে। (FSSAI Action)
মিল্কি মিষ্ট নিয়েও প্রশ্ন
মিল্কি মিষ্ট-এর কয়েকটি পণ্য নিয়েও আপত্তি জানিয়েছে FSSAI। তালিকায় রয়েছে ফ্রেশ লো ফ্যাট ক্রিম , ফার্ম ফ্রেশ কার্ড এবং গ্রিক দই। এই পণ্যগুলির কিছু তথ্য ও দাবি বিভ্রান্তিকর এবং নিয়মবহির্ভূত বলে অভিযোগ। এই ঘটনায় সুইগি ইনস্টমার্ট এবং বিগবাস্কেট -এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। (FSSAI Action)
ধুতুরা বিক্রিতেও কড়া নজর
এবার নজর পড়েছে ধুতুরা ফল এবং বীজের অনলাইন বিক্রির উপরও। FSSAI জানিয়েছে, ই-কমার্স প্ল্যাটফর্মে ধুতুরা ফল ও বীজ প্রদর্শন, বিক্রির জন্য রাখা এবং বিক্রির ক্ষেত্রে ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস এক্ট , ২০০৬-এর বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এই ঘটনায় আমাজন সেলার সার্ভিসেস , সুইগি ইনস্টমার্ট এবং বিগবাস্কেট -এর বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হয়েছে।অনলাইনে খাবার বিক্রি নিয়ে এর মধ্যেই নজরদারি বাড়িয়েছে FSSAI. ডার্ক স্টোর ও গুদামগুলিতেও চলছে পরিদর্শন। পণ্যের নিরাপত্তার পাশাপাশি গ্রাহককে সঠিক তথ্য দেওয়া হচ্ছে কি না, তা নিয়েও বাড়ছে নজরদারি।
এই বিষয়টিই টাইমস নাও ডিজিটাল -এর ‘E-Comms Hiding Health Info’ প্রচারাভিযানেও সামনে এসেছে। গ্রাহকদের অভিযোগ, স্বাস্থ্য ও আইনি বিশেষজ্ঞদের মত এবং FSSAI-এর পদক্ষেপ—সব মিলিয়ে অনলাইনে খাবার কেনাবেচায় স্বচ্ছতা ও সঠিক তথ্যের গুরুত্ব আরও একবার সামনে এসেছে। (FSSAI Action)












