সম্পর্ক ভেঙেছে এবং বদলেছে জীবনের পথ। তবু একে অপরের প্রতি সম্মান ও বন্ধুত্বে কোনও খামতি নেই। বলিউডে এমন প্রাক্তন জুটির সংখ্যা নেহাত কম নেই । করিনা কাপুর খান-শাহিদ কাপুর থেকে সলমন খান-সঙ্গীতা বিজলানি, বিচ্ছেদের পরেও সৌহার্দ্য বজায় রেখেছেন একাধিক তারকা। প্রাক্তন সঙ্গীর সঙ্গে তিক্ততা নয়, বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ছবি বারবার নজর কেড়েছে অনুরাগীদের। (Bollywood Exes)
সম্প্রতি হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়্যার তাঁর প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়েতে বিশেষ ভূমিকা নেওয়ায় নতুন করে চর্চা শুরু হয়েছে। ২০০৭ সালে বিয়ে করেছিলেন তাঁরা। ২০২৬ সালে তাঁদের দাম্পত্যের অবসান হলেও সম্পর্কের সৌহার্দ্য বজায় রয়েছে। বলিউডেও এমন উদাহরণ রয়েছে। (Bollywood Exes)
করিনা-শাহিদ থেকে হৃতিক-সুজান
করিনা কাপুর খান ও শাহিদ কাপুর দীর্ঘদিন সম্পর্কে ছিলেন। পরে দু’জনেই নিজেদের জীবনে এগিয়ে যান। তবে তাঁদের মধ্যে সৌজন্যের সম্পর্ক রয়েছে। শাহিদ ও করিনার বর্তমান সঙ্গীদের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক। ২০১৭ সালে ‘রেঙ্গুন’ ছবিতে শাহিদ কাপুর ও সইফ আলি খান একসঙ্গে কাজ করেন। অন্যদিকে, করিনার টক শোতে অতিথি হয়ে এসেছিলেন শাহিদের স্ত্রী মীরা রাজপুত কাপুর। দু’জনের কথোপকথন এবং সমাজমাধ্যমে একে অপরের প্রশংসা নজর কেড়েছিল। হৃতিক রোশন ও সুজান খানের বিচ্ছেদ হলেও দুই ছেলের দায়িত্ব একসঙ্গে সামলান তাঁরা। (Bollywood Exes) করোনা অতিমারির সময় ছেলেদের সঙ্গে থাকার জন্য সুজান হৃতিকের বাড়িতে ছিলেন। পারিবারিক অনুষ্ঠান, ঘুরতে যাওয়া এবং একসঙ্গে সময় কাটানোর ছবিও দেখা যায়। হৃতিকের প্রেমিকা সাবা আজাদ এবং সুজানের প্রেমিক আরসলান গনির সঙ্গেও তাঁদের সম্পর্ক স্বাভাবিক। হৃতিক ও সাবার পাঁচ বছরের সম্পর্ক পূর্ণ হওয়ায় সুজান সমাজ মাধ্যমে শুভেচ্ছাও জানান। (Bollywood Exes)
অনুরাগ- কালকি , সলমন-সঙ্গীতার বন্ধুত্ব
২০১৫ সালে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার পর পরিচালক অনুরাগ কাশ্যপ ও অভিনেত্রী কালকি কোয়েচলিন কিছুদিন যোগাযোগ রাখেননি। পরে আবার তাঁদের কথা শুরু হয়। একে অপরের কাজের প্রশংসা করেন তাঁরা। ‘সেক্রেড গেমস’-এর দ্বিতীয় মরশুম এবং ‘গোল্ডফিশ’-এর মতো কাজেও অনুরাগের সহযোগিতা ছিল। প্রাক্তন স্বামীর পারিবারিক অনুষ্ঠানেও যোগ দেন কালকি। (Bollywood Exes)
সলমন খান ও সঙ্গীতা বিজলানি প্রায় ১০ বছর সম্পর্কে ছিলেন। তাঁদের বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল। কিন্তু ১৯৯০-এর দশকের মাঝামাঝি তাঁদের বিচ্ছেদ হয়। তবু সম্পর্কের সৌজন্য বজায় রয়েছে। একবার সলমনকে সঙ্গীতার কপালে চুম্বন করতে দেখা যায়। অভিনেতার একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সঙ্গীতাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিচ্ছিলেন তিনি।
আমির খানের প্রাক্তনদের সঙ্গেও সুসম্পর্ক
প্রাক্তন সঙ্গীদের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার ক্ষেত্রে আমির খানও উল্লেখযোগ্য। তাঁর দুই প্রাক্তন স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাও পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত থাকেন। তৃতীয় স্ত্রী গৌরী স্প্র্যাটকে বিয়ে করার আগে নিজের ৬১তম জন্মদিনের অনুষ্ঠানে আমির, রীনা ও কিরণকে একসঙ্গে দেখা যায়। টেলিভিশন পরিচালক সত্যজিৎ ভাটকলের সঙ্গে তাঁরা একটি স্বেচ্ছাসেবী সংস্থাও প্রতিষ্ঠা করেছেন। পেশাগত ক্ষেত্রেও তাঁদের সহযোগিতা রয়েছে। কিরণ পরিচালিত ‘লাপাতা লেডিস’ (২০২৩) ছবির সহ-প্রযোজক ছিলেন আমির।
বিচ্ছেদ মানেই যে সম্পর্কের অবসান বা তিক্ততা, তা নয়। বলিউডের এই তারকারা দেখিয়েছেন, প্রেমের সম্পর্ক শেষ হলেও পারস্পরিক সম্মান ও বন্ধুত্ব টিকে থাকতে পারে। (Bollywood Exes)











1 thought on “প্রাক্তন সঙ্গীর সঙ্গে বন্ধুত্বে আপত্তি নেই, বলিউডের তারকাদের সম্পর্কের নতুন সমীকরণ”
Comments are closed.