পুজোর আনন্দে বাধা হয়ে দাঁড়াবে না তো বৃষ্টি। আকাশে মেঘের আনাগোনা থাকলেও সপ্তমী থেকে একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে তার আগে শুক্রবার ও শনিবার উপকূলবর্তী কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (Puja Weather Update) দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর কেনাকাটা ও উৎসবের প্রস্তুতিতে সামান্য বৃষ্টির মুখে পড়তে হতে পারে। (Puja Weather Update)
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
কলকাতায় শুক্রবার ও শনিবার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলের দিকে আকাশ সাধারণত মেঘলা হয়ে যেতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে সপ্তমী থেকে একাদশী পর্যন্ত কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। বিকেলের দিকে আকাশ আংশিক মেঘলা হতে পারে। শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯৫ শতাংশ। (Puja Weather Update)
উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গের জেলাগুলিতেও পুজোর দিনগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। অষ্টমী থেকে একাদশী পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। (Puja Weather Update)
বর্ষা বিদায়, দক্ষিণ ভারতে ফিরতি মৌসুমি বায়ু
দেশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ফিরতি বর্ষা শুরু হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, কোমোরিন এলাকা থেকে একটি অক্ষরেখা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওড়িশা উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়েও এই অক্ষরেখা বিস্তৃত। এই পরিস্থিতির জেরে পুজোর আগে উপকূলবর্তী কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও উৎসবের দিনগুলিতে বাংলার অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়াই বজায় থাকার পূর্বাভাস। (Puja Weather Update)












