বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগেই কি তৈরি হয়ে গিয়েছিল সরকার বদলের পরিকল্পনা? ২০২৪ সালের ৫ অগস্ট হাসিনা দেশ ছাড়ার দু’দিন আগেই নোবেলজয়ী মুহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার বিষয়ে আলোচনা শুরু হয়েছিল বলে দাবি করলেন ইউনুসের প্রাক্তন প্রেস সচিব শফিকুল আলম। তাঁর এই দাবি ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।
Sheikh Hasina Regime Change: কী দাবি ইউনুসের প্রাক্তন সহযোগীর?
ফেসবুকে একটি পোস্ট করে শফিকুল আলম দাবি করেছেন, হাসিনার সরকারকে সরিয়ে নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা করছিলেন ছাত্রনেতারা। সেই সময় মুহাম্মদ ইউনুসের সঙ্গে যোগাযোগের দায়িত্ব নিয়েছিলেন সংবাদ সংস্থা এএফপি-র ঢাকা দফতরের তৎকালীন ফ্যাক্ট-চেকিং বিভাগের সম্পাদক কাদারউদ্দিন শিশির।
আলমের বক্তব্য অনুযায়ী, হাসিনা ক্ষমতায় থাকাকালীন ছাত্রনেতাদের হয়ে ইউনুসের সঙ্গে প্রথম যোগাযোগ করেন শিশির। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই আলোচনা চালানো হয়েছিল বলেও দাবি করেছেন তিনি। এমনকী, গোটা পরিকল্পনার কথা তৎকালীন সরকারের নিরাপত্তা বাহিনী জানতে পারলে শিশির এবং এএফপি-র গোটা দলকে গোপন বন্দিশালায় পাঠানো হতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেছেন আলম।
তাঁর আরও দাবি, হাসিনা সরকারের আমলে সংঘটিত হত্যাকাণ্ডের ভিডিয়ো প্রমাণও সংগ্রহ করতে শুরু করেছিলেন ওই সাংবাদিক।
হাসিনার অভিযোগ ইউনুস সরকারের বিরুদ্ধে
২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর ৮ অগস্ট মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। প্রায় দেড় বছর দেশ চালানোর পর ২০২৫ সালে বিশেষ ট্রাইব্যুনালে অনুপস্থিতিতেই বিচার হয় হাসিনার। তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে তাঁর প্রত্যর্পণের দাবিও জানায় অন্তর্বর্তী সরকার।
অন্যদিকে, হাসিনার অভিযোগ, হিংসার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে। তাঁর দাবি, পরবর্তী সময়েও বাংলাদেশে রাজনৈতিক দমনপীড়ন ও ভয়ের পরিবেশ বজায় থেকেছে।
আমেরিকায় গিয়ে বিক্ষোভের মুখে ইউনুস
সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে বিক্ষোভের মুখে পড়েন ইউনুস। আওয়ামী লীগের সমর্থক বলে পরিচয় দেওয়া কয়েকজন বিক্ষোভকারী তাঁকে লক্ষ্য করে ‘সন্ত্রাসবাদী’ ও ‘খুনি’ বলে চিৎকার করেন। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁর হুইলচেয়ার ঘুরিয়ে নিয়ে যান।
সব মিলিয়ে, হাসিনার পতনের আগে ক্ষমতা বদলের পরিকল্পনা নিয়ে শফিকুল আলমের এই দাবি বাংলাদেশের রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। তবে তাঁর বক্তব্যের সত্যতা কতটা সেটাই এখন বড় প্রশ্ন।












