রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নেপালের বিপর্যয় মনে করাচ্ছে ভুটান; হিমবাহ হ্রদ ফেটে বন্যার আশঙ্কা, বিপদের মুখে বাংলা-অসম

Published on: October 30, 2026
Bhutan Glacial Flood
---Advertisement---

(Bhutan Glacial Flood) ভুটানের উত্তর-পশ্চিমাঞ্চলে হিমবাহের জল জমে তৈরি হ্রদ ফেটে আচমকা বন্যা। তার জেরে সতর্কতা জারি পশ্চিমবঙ্গ ও অসমের একাধিক জেলায়। বৃহস্পতিবার সন্ধ্যায় ভুটানের গাসা জেলার শিনতাফু হ্রদে এই বিপর্যয় ঘটে। ক্ষতিগ্রস্ত হয়েছে জনপ্রিয় উষ্ণ প্রস্রবণ গাসা ছাচুর পরিকাঠামো। তবে আগাম সরিয়ে নেওয়া হয়েছিল পর্যটক ও স্থানীয়দের। ফলে এখনও পর্যন্ত প্রাণহানির খবর নেই। হিমালয়ের অন্য প্রান্তে নেপালের সাম্প্রতিক হিমবাহ হ্রদ বিপর্যয়ও নতুন করে মনে করাচ্ছে এই প্রাকৃতিক বিপদের ভয়াবহতা।

Bhutan Glacial Flood: সতর্ক উত্তরবঙ্গ ও অসম

ভুটান সরকার পশ্চিমবঙ্গ ও অসমকে সতর্ক করেছে। অসমের ধুবড়ি এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং পাহাড়, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে আচমকা বন্যার আশঙ্কা রয়েছে। কোচবিহার প্রশাসন সংকোশ নদীর তীরবর্তী বাসিন্দাদের সতর্ক করেছে। ইতিমধ্যেই ১৫ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। উত্তর ভুটানে উৎপন্ন এই নদী বিভিন্ন উপনদীর জল নিয়ে অসমে ব্রহ্মপুত্রে মিশেছে। জলস্রোত ইতিমধ্যেই পুনাখার স্রিগাং এলাকা পেরিয়েছে বলে খবর।

আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার শ বলেন, “আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। প্রশাসন সতর্ক রয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন সংস্থা কাজ করছে।”

Bhutan Glacial Flood: ক্ষতিগ্রস্ত সড়ক, সেচ প্রকল্প

ভুটানের বিপজ্জনক ১৭টি হিমবাহ হ্রদের অন্যতম শিনতাফু। মো ছু নদীর উৎসের কাছে অবস্থিত এই হ্রদ থেকে জল বেরিয়ে গাসা ছাচুর পরিকাঠামো ভাসিয়ে দিয়েছে। ২০২১ সালের ২৬ অগস্টও মো ছু নদীর গতিপথ বদলে এই এলাকা প্লাবিত হয়েছিল। এ বার পুনাখা-গাসা হাইওয়ের জোমলিংথাং অংশে ধস ও বন্যার আবর্জনা জমেছে। একটি সৌরচালিত সেচ প্রকল্পও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢাকার নদী থেকে উদ্ধার প্রাক্তন বায়ুসেনা অফিসারের, হাসিনার ভিডিয়ো ঘিরে বাড়ছে জল্পনা

নেপালের বিপর্যয় কেন প্রাসঙ্গিক?

গত ২৬ অগস্ট নেপাল-চিন সীমান্তের কাছে ভয়াবহ হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, হিমবাহের বরফ ও পাথরের বিশাল অংশ ধসে নদীতে পড়ে সাময়িক বাধা তৈরি করেছিল। সেই বাধা ভেঙে জল, পাথর ও ধ্বংসাবশেষ প্রবল গতিতে নীচের দিকে নেমে আসে। এর পর ১১ অক্টোবর নেপালের গোরখা জেলায় বুধি গণ্ডকী নদীতেও হড়পা বন্যা হয়। ভূমিধসের কারণে নদীর গতিপথে তৈরি হওয়া অস্থায়ী বাধা ভেঙে এই বন্যা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়। পরপর এই বিপর্যয়গুলি হিমালয় অঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি এবং আগাম সতর্কতা ব্যবস্থার গুরুত্ব সামনে এনেছে।

কী এই হিমবাহ হ্রদ বিস্ফোরণ?

হিমবাহ গলে যাওয়ার ফলে তৈরি হ্রদে বিপুল পরিমাণ জল জমে থাকে। প্রাকৃতিক বাঁধ ভেঙে গেলে সেই জল প্রবল গতিতে নীচের দিকে নেমে আসে। একেই বলা হয় গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড বা GLOF। অতিবৃষ্টি, ভূমিধস, তুষারধস, ভূমিকম্প কিংবা দ্রুত বরফ গলার কারণে এই বিপর্যয় ঘটতে পারে। জলবায়ু পরিবর্তনের জেরে হিমবাহের দ্রুত পরিবর্তন এই ঝুঁকি আরও বাড়াচ্ছে। (Bhutan Glacial Flood)


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “নেপালের বিপর্যয় মনে করাচ্ছে ভুটান; হিমবাহ হ্রদ ফেটে বন্যার আশঙ্কা, বিপদের মুখে বাংলা-অসম”

Comments are closed.