টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চোট সমস্যা বাড়াচ্ছে ভারতীয় শিবিরের দুশ্চিন্তা। একের পর এক ক্রিকেটারের চোটে পরিকল্পনায় বদল আনতে বাধ্য হচ্ছে টিম ম্যানেজমেন্ট। সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের ভবিষ্যৎ নিয়ে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে পাঁজরের চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে তিনি। বোর্ড সূত্রে জানা গিয়েছে, পুরোপুরি ফিট হতে তাঁর আরও অন্তত দু’সপ্তাহ সময় লাগবে। ফলে বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
BCCI-র এক কর্তা জানিয়েছেন, মেডিক্যাল টিম সুন্দরের ক্ষেত্রে কোনও ঝুঁকি নিতে চাইছে না। প্রয়োজন হলে তাঁর বিকল্প বেছে নেওয়ার সিদ্ধান্ত নিতে হবে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে। উল্লেখযোগ্য বিষয়, ২০২১ ও ২০২২ সালের বিশ্বকাপেও চোটের জন্য খেলতে পারেননি সুন্দার। টানা তৃতীয়বার বিশ্বকাপ মিস করার আশঙ্কা থাকায় হতাশ তিনি নিজেও।
চোটের তালিকায় আর এক গুরুত্বপূর্ণ নাম তিলক বর্মা। সম্প্রতি পেটের অস্ত্রোপচারের পর এখনও পুরোপুরি ম্যাচফিট নন তিনি। বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে চলছে তাঁর রিকভারি। যদিও ব্যথা অনেকটাই কমেছে, তবু প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য সবুজ সঙ্কেত মেলেনি। প্রথমে ভাবা হয়েছিল চতুর্থ টি-টোয়েন্টিতে তাঁকে ফেরানো হবে, কিন্তু এখন শেষ ম্যাচেও তাঁর খেলা অনিশ্চিত।
এই পরিস্থিতিতে বিকল্প প্রস্তুত রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই ফর্মে থাকা শ্রেয়স আইয়ারকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে। প্রথম তিন ম্যাচে সুযোগ না পেলেও শেষ দুই ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে।
বিশ্বকাপের আগে কয়েকটি প্রস্তুতি ম্যাচে তিলক বর্মার ফেরার সম্ভাবনা থাকলেও, মেডিক্যাল ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত কোনও তাড়াহুড়ো করতে নারাজ বোর্ড। সব মিলিয়ে চোট সমস্যা এখন বিশ্বকাপের আগে ভারতের সবচেয়ে বড় মাথাব্যথা হয়ে উঠেছে।












