পরিমণি মানেই বিতর্ক। কখনও পুলিশ সুপারের সঙ্গে সম্পর্ক, কখনও গৃহকর্মীকে মারধর, কখনও আবার ইয়াবা কাণ্ডে নাম জড়িয়েছে পরিমণির। জেলেও গেছেন। এবার নতুন অভিযোগ তাঁর বিরুদ্ধে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, খুনের চেষ্টার অভিযোগে বাংলাদেশের অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এই নির্দেশ দেন (Pori Moni arrest)।
Pori Moni arrest: কী বলল আদালত?
পরীমণির আইনজীবী সংবাদমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শারীরিক সমস্যার কারণে অভিনেত্রী পরীমণি আজ আদালতে উপস্থিত হতে পারেননি। আদালত সূত্রে জানা যায়, এ দিন এই মামলায় আদালতে আসামির জামিন বাতিলের আবেদন করা হয়। এই সময় আদালতে আসামিপক্ষের কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত আসামির জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করে (Pori Moni arrest)।
গত বছর ২৬ জানুয়ারি এই মামলায় বিচার প্রক্রিয়া শুরু করে আদালত। ওই দিনও অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। পরে আদালতে আত্মসমর্পণ করলে জামিন পান তিনি।
এই প্রসঙ্গে তিনি বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র প্রথম আলো-কে দেওয়া সাক্ষাৎকারে জানান, তাঁর বিরুদ্ধে এই মামলা হওয়ার শুরু থেকেই জীবনের বিভিন্ন ক্ষেত্রে তাঁকে চাপে রাখা হচ্ছে। তিনি বলেন, ‘এই জীবনে যা হচ্ছে, এসব তো খুব ভালো নয়। এখন যা হচ্ছে, তা হেনস্থা। মামলা নিয়ে আমাকে প্রচণ্ড হেনস্থা করা হচ্ছে।’
মামলার তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেন পরীমণি। তাঁর অভিযোগ, ঠিকঠাকভাবে তদন্ত হচ্ছে না। তদন্তটা ঠিকঠাক হওয়া দরকার। কথায়–কথায় পরীমনি প্রশ্ন রাখেন, ‘এটা কি তাহলে সারা জীবন চলবে? কালকে যাব আদালতে, যেহেতু পরোয়ানা জারি করে ফেলেছে। কিছুই তো করার নেই।’














