কালীপুজো বা দীপাবলি মানেই আলোর উৎসব। অন্ধকার দূর করে ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর রীতি বহু প্রাচীন। তবে এই উৎসবের প্রতিটি দিনেই প্রদীপ জ্বালানোর পিছনে রয়েছে আলাদা ধর্মীয় বিশ্বাস ও জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা। ধনতেরাসে ১৩টি, ভূত চতুর্দশীতে ১৪টি এবং দীপাবলিতে ২১টি প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে। কিন্তু জানেন কি কেন এই নির্দিষ্ট সংখ্যক প্রদীপই জ্বালাতে হয়?
Kali Puja: ধনতেরাসে ১৩ ও ভূত চতুর্দশীতে ১৪ প্রদীপ কেন?
কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরাস। ত্রয়োদশী তিথির সঙ্গে মিল রেখেই এই দিনে ১৩টি প্রদীপ জ্বালানো হয়। এর মধ্যে প্রথম প্রদীপটি মৃত্যুর দেবতা যমরাজের উদ্দেশ্যে দক্ষিণ দিকে মুখ করে জ্বালানো হয়। বিশ্বাস, এতে পরিবারের সদস্যরা অকালমৃত্যু ও বিপদ থেকে রক্ষা পান। পাশাপাশি স্বাস্থ্য, সম্পদ ও সমৃদ্ধির কামনায় মা লক্ষ্মী এবং কুবেরের উদ্দেশ্যেও প্রদীপ জ্বালানো হয়। প্রাচীন কিছু বিশ্বাসে ১৩টি প্রদীপকে বছরের ১৩টি চন্দ্রমাস বা ১৩টি জীবনীশক্তির প্রতীক হিসেবেও দেখা হয়।
অন্যদিকে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় ভূত চতুর্দশী বা ছোট দীপাবলি। এই দিন ১৪টি প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। লোকবিশ্বাস, এই রাতে পূর্বপুরুষেরা মর্ত্যে নেমে এসে বংশধরদের আশীর্বাদ করেন। তাঁদের শান্তি কামনায় ১৪টি প্রদীপ জ্বালানো হয়। মনে করা হয়, প্রদীপের আলো অশুভ শক্তিকে দূরে রাখে। এই দিন ১৪ শাক খাওয়ারও প্রথা রয়েছে। অনেকে দিনটিকে বাংলার হ্যালোউইন বলেও মজা করেন।
দীপাবলিতে ২১ প্রদীপ জ্বালানোর কারণ কী?
দীপাবলির অমাবস্যায় মা লক্ষ্মী ও গণেশের পুজো করা হয়। বিশ্বাস, এই রাতে মা লক্ষ্মী মর্ত্যে আসেন। তাঁকে স্বাগত জানাতে ঘরের প্রতিটি কোণ আলোকিত করে ২১টি প্রদীপ জ্বালানো হয়। প্রচলিত কাহিনি অনুযায়ী, ১৪ বছরের বনবাস শেষে রাবণকে পরাজিত করে সীতা ও লক্ষ্মণকে নিয়ে শ্রীরাম অযোধ্যায় ফিরলে তাঁকে স্বাগত জানাতে গোটা নগরী প্রদীপে সাজিয়ে তুলেছিলেন অযোধ্যাবাসী।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২১-এর যোগফল ৩ (২+১), যা দেবগুরু বৃহস্পতির সংখ্যা। বৃহস্পতি জ্ঞান, সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক। বিশ্বাস করা হয়, ২১টি প্রদীপ জ্বালালে বাস্তুদোষ কাটে এবং ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। অর্থাৎ, প্রতিটি প্রদীপের সংখ্যার সঙ্গে জড়িয়ে রয়েছে আলাদা ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য।
তাই এবার থেকে দীপাবলির উৎসবের মরশুমে নির্দিষ্ট সংখ্যক প্রদীপ জ্বালানোর সময় মাথায় রাখবেন এই কারণগুলি।













