সকাল থেকেই কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও আবার মেঘে ঢেকেছে চারপাশ। এর মধ্যেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সোমবার থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে। অন্যদিকে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকায় বাড়বে বাতাসে আর্দ্রতা। ফলে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম এবং অস্বস্তি থেকে এখনই রেহাই মিলবে না। আগামী কয়েক দিনে তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। (Weather Update)
কলকাতাতেও বদল আসছে আবহাওয়ায়। সোমবার শহরের আকাশ আংশিক মেঘলা থাকার পূর্বাভাস রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় অস্বস্তি বাড়তে পারে। মঙ্গলবার শহরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। সপ্তাহান্তে তাপমাত্রা ফের কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস।
কী কারণে বদলাচ্ছে আবহাওয়া?
আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনও গুরুত্বপূর্ণ নিম্নচাপ বা শক্তিশালী আবহাওয়া ব্যবস্থা নেই। তবে দক্ষিণ-পূর্ব বাংলাদেশে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উত্তর-পূর্ব বিহারেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। এই পরিস্থিতির জেরেই বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। (Weather Update)
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
সোমবার কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। এই জেলাগুলির বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতির পরিবর্তন হবে। ধীরে ধীরে কমবে বৃষ্টির সম্ভাবনা। (Weather Update)
উত্তরবঙ্গের পাঁচ জেলায় হলুদ সতর্কতা
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে হালকা দমকা বাতাস বইতে পারে।মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে।
বুধবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কমবে। (Weather Update)
কলকাতার তাপমাত্রা কত?
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৬ থেকে ৯৬ শতাংশের মধ্যে ছিল। আগামী কয়েক দিন জলীয় বাষ্পের প্রভাবে অস্বস্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমলেও সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা নামতে পারে। ফলে আপাতত মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টি এবং ভ্যাপসা গরমের মধ্যেই কাটবে সপ্তাহের কয়েকটি দিন।













