স্বামী রাজীব গান্ধীকে হারানোর সেই ভয়াবহ রাতের স্মৃতি নিজের স্মৃতিকথায় তুলে ধরলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরুমপুদুরে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর। সেই রাতে কীভাবে মেয়ের মুখে বাবার মৃত্যুর খবর শুনেছিলেন, তা বিস্তারিতভাবে লিখেছেন সোনিয়া। তাঁর স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’-এ উঠে এসেছে এই ব্যক্তিগত যন্ত্রণার পাশাপাশি কংগ্রেসের অন্দরের রাজনৈতিক সমীকরণও।
হার্পারকলিন্স প্রকাশিত বইটি ১০ নভেম্বর থেকেই বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে। ১৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বইটি প্রকাশিত হওয়ার কথা।
Sonia Gandhi Memoir Rajiv Gandhi Assassination: ‘বাবা আর নেই’, প্রিয়াঙ্কার মুখে শুনেছিলেন সোনিয়া
স্মৃতিকথায় সোনিয়া জানিয়েছেন, ২১ মে রাতে নিজের ঘরে শুয়ে বই পড়ছিলেন তিনি। অন্যদিকে, মেয়ে প্রিয়াঙ্কা এক বন্ধুর ২১তম জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ ঘরে ছুটে আসেন প্রিয়াঙ্কা। তাঁর মুখ ফ্যাকাশে, চোখেমুখে আতঙ্ক।
প্রিয়াঙ্কা জানান, ফোনে খবর পেয়েছেন, একটি বোমা বিস্ফোরণ হয়েছে। রাজীবের আশপাশে থাকা ১২ জনের মৃত্যু হয়েছে। তবে বাবা নিরাপদে আছেন বলে খবর এসেছে। কিন্তু আশঙ্কা থেকেই মাকে মাদ্রাজ যাওয়ার প্রস্তুতি নিতে বলেন তিনি।
এরপর খবর নিতে বাইরে যান প্রিয়াঙ্কা। কিছুক্ষণ পর ফিরে এসে মাকে বলেন, ‘বাবা আর নেই।’ এই কথা শুনে ভেঙে পড়েন সোনিয়া। বারবার বলতে থাকেন, ‘আমার ওর সঙ্গে যাওয়া উচিত ছিল। কেন আমি যাইনি?’
পরে রাজীবের ব্যক্তিগত সচিব ভিনসেন্ট জর্জ ফোনে মৃত্যুর খবর নিশ্চিত করেন। শেষবারের মতো স্বামীর দেহ দেখতে চেয়েছিলেন সোনিয়া। রাজীব নিজের চোখ দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও চিকিৎসককে জানান তিনি। কিন্তু চিকিৎসক জানান, দেহের আর কিছুই অবশিষ্ট নেই। শ্রীলঙ্কায় ভারতীয় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর সিদ্ধান্তের প্রতিশোধ নিতেই এলটিটিই-র এক সদস্য এই হামলা চালিয়েছিল বলে জানা যায়।
প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়?
স্মৃতিকথায় ২০১০ সালে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গও তুলেছেন সোনিয়া। তাঁর দাবি, প্রধানমন্ত্রী হওয়ার দীর্ঘদিনের ইচ্ছার ইঙ্গিত দিয়েছিলেন প্রণব। নেতৃত্বের শীর্ষস্তরে পরিবর্তনের সময় এসেছে বলেও বুঝিয়েছিলেন তিনি। এই কথা শুনে সোনিয়া ‘স্তম্ভিত’ হয়ে গিয়েছিলেন।
তবে সোনিয়ার এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও। তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করায় অবাক হওয়ার কী আছে? উচ্চাকাঙ্ক্ষী হওয়া তো কোনও অপরাধ নয়। ফলে বই প্রকাশের আগেই সোনিয়ার স্মৃতিকথা ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।













