রাত পোহালেই কার্তিক পুজোর প্রস্তুতিতে মেতে উঠবে বাংলা। কোথাও রাস্তার মোড়ে তৈরি হচ্ছে ছোট ছোট মণ্ডপ, কোথাও আবার শেষ মুহূর্তের সাজসজ্জায় ব্যস্ত উদ্যোক্তারা। কালীপুজো ও ভাইফোঁটার পর এবার বাঙালির উৎসবের তালিকায় রয়েছে কার্তিক পুজো। তবে ২০২৬ সালে কার্তিক পুজো কবে, তা নিয়ে অনেকের মনেই সংশয় রয়েছে। কোন দিন হবে মূল পুজো? পঞ্জিকার হিসাব অনুযায়ী, এ বছর ১৭ নভেম্বর, মঙ্গলবার পালিত হবে শ্রীশ্রী কার্তিক পুজো। অষ্টমী তিথি শুরু হবে তার আগের দিন সোমবার মাঝরাতে। (Kartik Puja 2026 Date)
কখন শুরু ও শেষ অষ্টমী তিথি?
বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা (১৪৩৩) অনুযায়ী, কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি শুরু হচ্ছে ১৬ নভেম্বর, সোমবার রাত ১২টা ১ মিনিটে। এই তিথি থাকবে ১৭ নভেম্বর, মঙ্গলবার রাত ১টা ১৮ মিনিট পর্যন্ত। অর্থাৎ, সোমবার মাঝরাতে শুরু হয়ে মঙ্গলবার মাঝরাত পেরিয়ে শেষ হবে অষ্টমী তিথি। (Kartik Puja 2026 Date)
কার্তিক পুজো কবে?
পঞ্জিকা অনুসারে, ৩০ কার্তিক, অর্থাৎ ১৭ নভেম্বর মঙ্গলবার পালিত হবে শ্রীশ্রী কার্তিক পুজো। ভাদ্র মতে পুজোর দিন ২৬ কার্তিক। অষ্টমী তিথি সোমবার রাতে শুরু হলেও মূল পুজো হবে মঙ্গলবার। তাই পুজোর প্রস্তুতি ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় ব্যস্ততা শুরু হয়েছে।
কেন নবদম্পতিদের বাড়িতে হয় কার্তিক পুজো?
পুরাণ অনুযায়ী, কার্তিক হলেন দেবাদিদেব শিব ও দেবী পার্বতীর পুত্র। তিনি দেবতাদের সেনাপতি হিসেবেও পরিচিত। তাঁর সৌন্দর্য ও বীরত্বের কথা বিভিন্ন পুরাণে উল্লেখ রয়েছে। বাংলায় মূলত সন্তান কামনায় নবদম্পতিরা কার্তিক পুজো করে থাকেন। এই পুজোকে ঘিরে বাংলায় প্রচলিত রয়েছে এক মজার লোকাচার, যার নাম ‘কার্তিক ফেলা’। রীতি অনুযায়ী, রাতের অন্ধকারে চুপিচুপি নবদম্পতিদের বাড়ির দরজার সামনে কার্তিকের মূর্তি রেখে আসা হয়। পরদিন সকালে সেই মূর্তি বাড়িতে তুলে এনে পুজো করার প্রথা রয়েছে। এই লোকাচারকে ঘিরে প্রতি বছরই বিভিন্ন এলাকায় তৈরি হয় বাড়তি উৎসাহ। ধর্মীয় আচার ও লোকসংস্কৃতির মেলবন্ধনে কার্তিক পুজো বাংলার উৎসবের তালিকায় বিশেষ জায়গা করে নিয়েছে। (Kartik Puja 2026 Date)













