শুরু হয়ে গিয়েছে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি। দুর্গাপুজোর পর এবার দেবী জগদ্ধত্রীর আরাধনায় মাতবে বাঙালি। হিন্দুদের কাছে এই পুজোর গুরুত্ব বরাবরই আলাদা। তবে জগদ্ধাত্রী পুজোকে ঘিরে রয়েছে বেশ কিছু পৌরাণিক বিশ্বাস ও রীতিনীতি। কোন রঙের শাড়ি দেবীকে নিবেদন করবেন, কোন ফুলে সন্তুষ্ট হন তিনি কিংবা সংসারের মঙ্গল কামনায় কী কী নিয়ম মানবেন, জেনে নিন।
Jagadhatri Puja: দেবীর প্রিয় রং ও ফুল কী?
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, লাল ও হলুদ রং দেবীর প্রিয়। তাই পুজোর দিন তাঁকে লাল বা হলুদ শাড়ি নিবেদন করতে পারেন। ফুলের মধ্যে লাল জবা ও পদ্ম বিশেষ শুভ বলে মনে করা হয়। বিশেষ করে অষ্টমীতে দেবীর চরণে পদ্মফুল দিলে পুণ্য লাভ হয় বলে বিশ্বাস। নবমীতে হলুদ রঙের কোনও বস্ত্র নিবেদন করাও শুভ।
ঘি দিয়ে প্রদীপ ও কুমারী পুজো
পুজোর সময় দেবীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। বিশ্বাস করা হয়, এতে সংসারের অন্ধকার দূর হয়ে সুখ-শান্তি ফিরে আসে। দুর্গাপুজোর মতো জগদ্ধাত্রী পুজোতেও কুমারী পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন পাঁচ বছরের কম বয়সি কোনও কন্যাশিশুকে তার পছন্দের খাবার বা উপহার দিতে পারেন। এতে দেবী সন্তুষ্ট হন বলে মনে করা হয়।
অষ্টমীর অঞ্জলি ও সিঁদুর দান
জগদ্ধাত্রী পুজোর অষ্টমীতেও অঞ্জলি দেওয়ার রীতি রয়েছে। অনেক মহিলা উপোস করে অষ্টমী বা নবমীতে দেবীর পায়ে অঞ্জলি দেন। পাশাপাশি বিবাহিত মহিলারা একে অপরকে সিঁদুর, আলতা ও শাড়ি উপহার দেন। এই প্রথাকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। (Jagadhatri Puja)
নবমীতে আমলকী গাছের পুজো
প্রচলিত নিয়ম অনুযায়ী, অষ্টমী ও নবমীতে নিরামিষ খাবার খাওয়া শুভ। বিশেষ করে নবমীতে আমলকী গাছের পুজোর বিধান রয়েছে। গাছের গোড়ায় সাধ্য অনুযায়ী নৈবেদ্য দিন। ফুল ও চন্দন দিয়ে সাজিয়ে সাতবার গাছ প্রদক্ষিণ করুন। এরপর মনে মনে নিজের মনের ইচ্ছা জানান।
পরিষ্কার রাখুন ঈশান কোণ, করুন মানুষের সেবা
ধর্মীয় ও বাস্তু বিশ্বাস অনুযায়ী, বাড়ির উত্তর-পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ পরিষ্কার রাখা শুভ। সেখানে একটি প্রদীপও জ্বালাতে পারেন। পাশাপাশি পুজোর দিন নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষদের সাহায্য করুন এবং তাঁদের মুখে খাবার তুলে দিন। বিশ্বাস করা হয়, মানুষের সেবার মধ্য দিয়েও ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় এবং সংসারে সুখ-শান্তি ফিরে আসে।
সব মিলিয়ে, ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই নিয়মগুলি পালন করে দেবী জগদ্ধাত্রীর কাছে সংসারের মঙ্গল, সমৃদ্ধি ও শান্তি কামনা করলে দেবী সন্তুষ্ট হন এবং তাঁর কৃপা লাভ হয়।














