ভক্তদের উদ্দেশে ভিডিয়ো বার্তায় কৃতজ্ঞতা জানালেন বলিউড অভিনেতা শরদ কাপুর। শারীরিক অসুস্থতা ও আর্থিক সমস্যার কারণে দীর্ঘদিন ধরে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। তবে এবার কাজে ফেরার আশ্বাস দিলেন অভিনেতা। আগামী জানুয়ারি থেকেই আবার শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁদের কখনও হতাশ করবেন না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো প্রকাশ করেছেন শরদ কাপুর। ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘বেজুবান পাবলিক ওয়েলফেয়ার ট্রাস্ট’-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। সেখানে নিজের অনুরাগীদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা। তিনি বলেন, ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। তাঁদের এই ভালোবাসা যেন ভবিষ্যতেও বজায় থাকে, সেই আবেদনও জানিয়েছেন তিনি। পাশাপাশি জানুয়ারি থেকে নতুন উদ্যমে কাজে ফেরার কথা জানিয়েছেন শরদ। তাঁর কথায়, ‘রকস্টারের মতো’ আবার কাজ শুরু করবেন তিনি। (Sharad Kapoor Comeback)
আর্থিক ও শারীরিক সমস্যায় কঠিন সময়
সম্প্রতি বলিউডের কাছে কাজ এবং আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছিলেন শরদ কাপুর। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছেন তিনি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে নিজের চারটি পোষ্য কুকুরের দেখাশোনা করাও তাঁর পক্ষে কঠিন হয়ে পড়ে। পরে কুকুরগুলিকে একটি পশুকল্যাণ কেন্দ্রে পাঠানো হয়। সেই খবর প্রকাশ্যে আসতেই অভিনেতার পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়। (Sharad Kapoor Comeback)
পাশে দাঁড়ালেন সলমন ও সোনু
গত ১৬ নভেম্বর মুম্বইয়ে শরদ কাপুরের সঙ্গে দেখা করেন অভিনেতা সোনু সুদ। দু’জনের সাক্ষাতের একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে তাঁদের একে অপরকে আলিঙ্গন করতে এবং কথা বলতে দেখা যায়। যদিও সোনু তাঁকে আর্থিক সাহায্য করেছেন কি না, কিংবা কোনও ছবিতে কাজের সুযোগ দিয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, অভিনেতা সলমন খানও শরদ কাপুরকে আর্থিক সাহায্য করেছেন বলে খবর। এই উদ্যোগের প্রশংসা করেছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। পাশাপাশি, বলিউডের অন্যান্য সফল অভিনেতা ও ব্যক্তিত্বদেরও বিপদে পড়া শিল্পী এবং চলচ্চিত্র জগতের কর্মীদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছে সংগঠনটি। (Sharad Kapoor Comeback)
সব মিলিয়ে, কঠিন সময় কাটিয়ে আবার কাজের জগতে ফেরার অপেক্ষায় শরদ কাপুর। তাঁর নতুন করে কাজে ফেরার বার্তায় আশার আলো দেখছেন অনুরাগীরাও।













