কলকাতা মেডিক্যাল কলেজে বুধবার রাতের অশান্তির ঘটনায় তদন্তের নির্দেশ দিল স্বাস্থ্যভবন। বৃহস্পতিবার এই ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। হাসপাতাল চত্বরে ঠিক কী ঘটেছিল, কারা হামলা চালিয়েছিলেন এবং বিক্ষোভরত জুনিয়র চিকিৎসকদের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখবে এই কমিটি। একই সঙ্গে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০-১৫ জন ইন্টার্নের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রয়োজনে তাঁদের মেডিক্যাল রেজিস্ট্রেশনও বাতিল করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।
Kolkata Medical College Investigation: দুটি বিষয়ে তদন্ত
বৃহস্পতিবার স্বাস্থ্যভবনে মেডিক্যাল কলেজের সুপার ইন্দ্রনীলের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে সাংবাদিক বৈঠকে তদন্ত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন তিনি। কমিটিতে রয়েছেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের এমএসভিপি দিবাকর হালদার, মেডিক্যাল কলেজের অ্যানাস্থেসিওলজি বিভাগের প্রধান সোমনাথ দে এবং গ্যাস্ট্রোএনটারোলজি বিভাগের দীপঙ্কর রায়। শুক্রবারই প্রথম বৈঠকে বসার কথা কমিটির।
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তদন্তের দু’টি প্রধান দিক থাকবে। প্রথমত, অধ্যক্ষের কার্যালয়ের ভিতরে ঘেরাও চলাকালীন জুনিয়র চিকিৎসকদের আচরণ খতিয়ে দেখা হবে। দ্বিতীয়ত, হাসপাতালে বহিরাগতদের প্রবেশ এবং তাঁদের ভূমিকা তদন্ত করে দেখা হবে। প্রয়োজন হলে পুলিশের সাহায্যও নেওয়া হবে। সিসিটিভি ফুটেজের পাশাপাশি সংশ্লিষ্ট অধ্যাপকদের বক্তব্যও শুনবে কমিটি।
‘মানসিক মাওবাদী’ মন্তব্য মন্ত্রীর
শারদ্বতের দাবি, বুধবার রাতে দুই অধ্যাপককে শারীরিক ভাবে নিগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়েছে বলেও দাবি তাঁর। মন্ত্রীর অভিযোগ, ১০-১৫ জন ইন্টার্ন অশান্তিতে যুক্ত ছিলেন। তাঁদের ‘মানসিক মাওবাদী’ বলে কটাক্ষ করে তিনি জানান, অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, চোরবাগান কাণ্ডে জখমদের বেসরকারি হাসপাতালে স্থানান্তর এবং জরুরি বিভাগে ওষুধের অভাব নিয়ে মুখ খোলায় আট জন ইন্টার্নকে শো কজ় করেছিল কলেজ কর্তৃপক্ষ। সেই নির্দেশ প্রত্যাহারের দাবিতেই শুরু হয়েছিল বিক্ষোভ। বুধবার রাতে অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসকে ঘেরাও করা হয়। ভাঙচুরের অভিযোগও ওঠে। বৃহস্পতিবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ছুটিতে যান অধ্যক্ষ।













