বর্তমানে খেলাধুলার পাশাপাশি জিম, দৌড় ও শরীরচর্চার প্রতি আগ্রহ বাড়ছে মানুষের। তবে শারীরিক কসরত করতে গিয়ে অনেক সময় পেশিতে টান, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া কিংবা জয়েন্টে আঘাতের মতো সমস্যা দেখা দেয়। এই ধরনের চোট শুধু খেলাধুলার পারফরম্যান্স নয়, দৈনন্দিন চলাফেরা এবং জীবনযাত্রার উপরেও প্রভাব ফেলে। আর সেই কারণেই আধুনিক চিকিৎসাব্যবস্থায় ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে স্পোর্টস মেডিসিন।
Importance of Sports Medicine: শুধু চিকিৎসা নয়, চোট প্রতিরোধেও গুরুত্বপূর্ণ
অনেকের ধারণা, স্পোর্টস মেডিসিন শুধুমাত্র পেশাদার খেলোয়াড়দের জন্য। কিন্তু নিয়মিত জিম করেন, শরীরচর্চা করেন কিংবা অবসর সময়ে খেলাধুলায় অংশ নেন, এমন সকলের ক্ষেত্রেই এই চিকিৎসা প্রয়োজন হতে পারে। এর কাজ শুধু চোট লাগার পর চিকিৎসা করা নয়। বরং কীভাবে আঘাত এড়ানো যায়, দ্রুত সমস্যা চিহ্নিত করা যায় এবং সঠিক চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব, সেই বিষয়গুলিও এর অন্তর্ভুক্ত। সময়মতো রোগ নির্ণয় ও চিকিৎসা শুরু হলে জটিলতা এবং বারবার চোট লাগার ঝুঁকি কমানো যায়।
আধুনিক চিকিৎসায় বাড়ছে সুস্থ হওয়ার সুযোগ
অর্থোপেডিক চিকিৎসার উন্নতির ফলে স্পোর্টস ইনজুরির চিকিৎসাতেও এসেছে পরিবর্তন। উন্নত রোগ নির্ণয় পদ্ধতি, বিশেষ অস্ত্রোপচার এবং ব্যক্তির শারীরিক অবস্থা অনুযায়ী তৈরি পুনর্বাসন পরিকল্পনা পেশির শক্তি, স্থিতিশীলতা ও জয়েন্টের স্বাভাবিক কার্যক্ষমতা ফিরিয়ে আনতে সাহায্য করছে। তবে চোটের ধরন, তার তীব্রতা, শারীরিক অবস্থা এবং ভবিষ্যতের শারীরিক কার্যকলাপের লক্ষ্য অনুযায়ী চিকিৎসা পদ্ধতি ঠিক করা হয়।
রিহ্যাবিলিটেশন কেন জরুরি?
চোটের পর শুধু ব্যথা কমলেই সম্পূর্ণ সুস্থ হওয়া যায় না। আগের মতো নমনীয়তা, পেশির শক্তি, শরীরের সমন্বয় এবং চলাফেরার আত্মবিশ্বাস ফিরিয়ে আনাও জরুরি। পরিকল্পিত রিহ্যাবিলিটেশন ধাপে ধাপে স্বাভাবিক কাজে ফিরতে সাহায্য করে এবং নতুন করে চোট লাগার আশঙ্কা কমায়। বিশেষ করে খেলোয়াড়দের মাঠে ফেরার ক্ষেত্রে এর গুরুত্ব অনেক।
এই প্রসঙ্গে মণিপাল হাসপাতাল ওল্ড এয়ারপোর্ট রোডের (মেন ব্রাঞ্চ) অর্থোপেডিক ও রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির বিভাগীয় প্রধান ও পরামর্শদাতা সুনীল জি কিনি জানান, স্পোর্টস ইনজুরির ক্ষেত্রে তাৎক্ষণিক চিকিৎসার পাশাপাশি দীর্ঘমেয়াদি সুস্থতার দিকেও নজর দেওয়া প্রয়োজন। সময়মতো রোগ নির্ণয়, উপযুক্ত চিকিৎসা ও পরিকল্পিত পুনর্বাসন শরীরের কার্যক্ষমতা ফিরিয়ে আনে এবং পুনরায় চোটের ঝুঁকি কমায়। তাঁর মতে, লক্ষ্য শুধু আঘাত সারানো নয়, বরং স্বাভাবিক চলাফেরা, আত্মবিশ্বাস এবং পছন্দের শারীরিক কাজে ফেরার সক্ষমতা ফিরিয়ে দেওয়া।














