(East Bengal vs Delhi FC) ISL-এর শুরুতে যে ইস্টবেঙ্গলকে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল, সেই লাল-হলুদ শিবিরের ছন্দে এখন বড়সড় পতন। এশিয়ান চ্যাম্পিয়ন্স টু লিগ ও ISL মিলিয়ে টানা চার ম্যাচে জয় অধরা। শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে দিল্লি এফসির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল হাবাসের দল। গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট খোয়ানোর পাশাপাশি চোটের কারণে দীর্ঘদিনের জন্য এডমুন্ডকেও হারাল ইস্টবেঙ্গল। আট দিন পরেই ডার্বি। তার আগে ইস্টবেঙ্গলের শিবিরে যেন বিষাদের সুর। এদিন বৃষ্টিভেজা কলকাতার সন্ধ্যা কার্যত কান্নাভেজা হয়ে উঠল লাল-হলুদ সমর্থকদের কাছে। সব মিলিয়ে ক্রমশ বাড়ছে লাল-হলুদের দুশ্চিন্তা।
Table of Contents
পেনাল্টিতে এগিয়ে দিল্লি, এডমুন্ডের গোলে সমতা
(East Bengal vs Delhi FC) ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝাঁজ দেখায় ইস্টবেঙ্গল। তবে একাধিক সুযোগ তৈরি করেও গোলের মুখ খুলতে পারছিলেন না রামিরেজরা। উল্টে ২৯ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় দিল্লি এফসি। পেনার ডিফেন্স চেরা পাস ধরে আইমেন বক্সে ঢুকলে তাঁকে ফাউল করেন রশিদ। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি কার্লোস।

তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি লাল-হলুদকে। ৪০ মিনিটে জয় গুপ্তার পাস থেকে বল পেয়ে বক্সের মাথা থেকে জোরালো শটে গোল করেন এডমুন্ড। ম্যাচে সমতা ফেরে। এর আগে রামিরেজের শট ক্রসবারে লাগে। বিরতির ঠিক আগে জয় গুপ্তার শটও পোস্টে প্রতিহত হয়। বৃষ্টিভেজা মাঠে দিল্লি শুরুতে কিছুটা অগোছালো ছিল। ম্যাচের প্রথম মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়েন দু’ভান ও ফার্নান্দেজ।
দ্বিতীয়ার্ধে পাল্টা আঘাত দিল্লির
বিরতির পর ছবিটা বদলে যায়। বলের দখল নিয়ে একের পর এক প্রতি আক্রমণে ইস্টবেঙ্গলকে চাপে ফেলে দিল্লি। ৬৭ মিনিটে আইমেনের কর্নার থেকে পেনার হেড করলে প্রভসুখন গিলের হাতে লেগে বল ফিরে আসে। ফিরতি বলে জালে বল জড়িয়ে দেন আশুতোষ মেহতা। ফের পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। (East Bengal vs Delhi FC)
লোবার গোলে রক্ষা, কাটল না অস্বস্তি

(East Bengal vs Delhi FC) ম্যাচের ৭৪ মিনিটে হাতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এডমুন্ড। উঠে দাঁড়ানোর পরিবর্তে হাত ধরে যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। তখনই গুরুতর চোটের আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সেই চোটের অভিঘাত যে এতটা বড় হবে, তা বোঝা যায়নি। তাঁর পরিবর্তে নামেন পিভি বিষ্ণু। জোলোনেস্কিকে তুলে একে লোবা এবং জিকসনের পরিবর্তে ডেভিডকে নামান হাবাস। পরিবর্তনেই কিছুটা গতি ফেরে ইস্টবেঙ্গলের খেলায়।
৮৩ মিনিটে রামিরেজের পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান একে লোবা। আইভরি কোস্টের এই স্ট্রাইকারের চলতি প্রতিযোগিতায় এটি চতুর্থ গোল। শেষদিকে আক্রমণের চাপ বাড়ালেও দিল্লির রক্ষণ ভাঙতে পারেনি লাল-হলুদ। ফলে ঘরের মাঠে চলতি আইএসএলের প্রথম ম্যাচেই ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হল হাবাসের দলকে।
রেফারিং নিয়ে ক্ষোভ, সরব রামিরেজ-রশিদও
শুধু পারফরম্যান্স নয়, রেফারিং নিয়েও অসন্তুষ্ট ইস্টবেঙ্গল শিবির। চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ ছিল। দিল্লির বিরুদ্ধেও একই অভিজ্ঞতার কথা জানালেন হাবাস। তাঁর অভিযোগ, রামিরেজকে একাধিকবার ফাউল করা হলেও প্রতিপক্ষ ফুটবলারদের কার্ড দেখানো হয়নি। অথচ তুলনামূলক লঘু অপরাধে হলুদ কার্ড দেখতে হয়েছে জয় গুপ্তাকে। রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রামিরেজ ও রশিদও। দু’জনেরই অভিযোগ, নিশ্চিত ফাউল হওয়া সত্ত্বেও তাঁদের প্রাপ্য সিদ্ধান্ত থেকে বঞ্চিত করেছেন রেফারি। ফলে ম্যাচের ফলাফল নিয়ে হতাশার পাশাপাশি রেফারিং নিয়েও প্রশ্ন তুলছে লাল-হলুদ শিবির। (East Bengal vs Delhi FC)
দশ সপ্তাহের জন্য মাঠের বাইরে এডমুন্ড
ড্রয়ের থেকেও বড় ধাক্কা এডমুন্ডের চোট। সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তরে হাবাস জানান, কব্জি ভেঙে যাওয়ায় প্রায় দশ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। আনোয়ারের চোটের পর এবার এডমুন্ডের অনুপস্থিতি দলের সমস্যা আরও বাড়াল। চেন্নাইয়িন এফসির পর দিল্লি এফসির বিরুদ্ধেও পয়েন্ট নষ্ট করে আইএসএলে ঘুরে দাঁড়ানোর লড়াই আরও কঠিন করে তুলল ইস্টবেঙ্গল। (East Bengal vs Delhi FC)














