ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ঝুঁকি নিয়ে লাইন পারাপার, বিদ্যাধরপুরে রেলগেট তৈরির দাবিতে সরব এলাকাবাসী

Bidyadharpur Rail Gate
---Advertisement---

শশাঙ্ক মণ্ডল, সোনারপুর
শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন বিদ্যাধরপুর। সোনারপুরের ঠিক পরের এই স্টেশনের ওপর নির্ভরশীল বিস্তীর্ণ অঞ্চলের হাজার হাজার মানুষ। তবে দীর্ঘদিনের দাবি সত্ত্বেও আজ পর্যন্ত বিদ্যাধরপুর স্টেশন সংলগ্ন এলাকায় কোনও রেলগেট তৈরি হয়নি। ফলে নিত্যদিন প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করতে হচ্ছে স্কুলপড়ুয়া, রোগী থেকে শুরু করে সাধারণ মানুষকে (Bidyadharpur Rail Gate)।

মাদসার, হাসানপুর, খালপাড়, ঝিলপাড়, মুকুন্দপুর, বনবিবিতলা, পেটুয়া, বাগানীপাড়া, স্কুলমাঠ, ভবানীপুর ও মথুরাপুর-সহ প্রায় ডজনখানেক গ্রামের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম এই পথ। এলাকাবাসীর অভিযোগ, প্রতিবার নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে রেলগেট তৈরির প্রতিশ্রুতি দেওয়া হলেও সরকার বদলের পর আর কাজের কাজ কিছুই হয়নি। এর আগে তৃণমূল আমলে নির্বাচনী প্রচারে এসে খোদ তৎকালীন সাংসদ মিমি চক্রবর্তীর গাড়িও এই রেল ট্র্যাকে আটকে গিয়েছিল, যার জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। সাংসদ হওয়ার পর তিনি বিষয়টি সংসদে উত্থাপন করলেও আজও পরিস্থিতির কোনও পরিবর্তন ঘটেনি (Bidyadharpur Rail Gate)।

রেলগেট না থাকায় সবথেকে বেশি বিপাকে পড়ছেন রোগী ও পড়ুয়ারা:

চিকিৎসা পরিষেবায় ব্যাঘাত: স্থানীয় স্বাস্থ্যকর্মী সুতপা মণ্ডল জানান, রেলগেট না থাকায় এলাকায় অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। ফলে প্রসূতি মা কিংবা মুমূর্ষু রোগীদের অটো বা ভ্যানে করে চরম ঝুঁকির মধ্যে হাসপাতালে নিয়ে যেতে হয়, যা মা ও শিশুর জীবনের পক্ষে অত্যন্ত বিপজ্জনক।

পড়ুয়াদের নিত্য ভোগান্তি: কলেজ ছাত্রী অপরাজিতা দাস জানান, সোনারপুর ও চম্পাহাটির স্কুল-কলেজে যেতে প্রতিদিন তাঁদের এই পথ ব্যবহার করতে হয়। ট্রেনে অতিরিক্ত ভিড় থাকলে সড়কপথে যাওয়ার উপায় নেই, কারণ রেল ট্র্যাকে প্রায়ই বাইক বা গাড়ির চাকা আটকে দুর্ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী রাজু বিশ্বাসের কথায়, “ছোট বাচ্চারা প্রতিদিন ঝুঁকি নিয়ে লাইন পার হয়। কয়েক মাস আগেই ট্রেন ধরতে গিয়ে লাইনে পড়ে এক খুদে পড়ুয়া গুরুতর আহত হয়েছিল। তাছাড়া ব্যবসার কাঁচামাল আনা-নেওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয়।”

নতুন সরকারের কাছে দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধানের আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে আশার আলো দেখিয়েছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়। বিদ্যাধরপুর রেলগেটের প্রসঙ্গে তিনি জানান, দায়িত্ব নেওয়ার পরই তিনি সোনারপুর থেকে ক্যানিং শাখার মধ্যে মোট চারটি রেলগেট তৈরির পরিকল্পনা জমা দিয়েছেন। খুব শীঘ্রই রেলের আধিকারিকরা এলাকা পরিদর্শনে আসবেন বলে তিনি আশ্বাস দেন। বিধায়কের এই আশ্বাসে দীর্ঘদিনের স্বপ্ন পূরণের অপেক্ষায় দিন গুনছেন বিদ্যাধরপুর ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now